আদিবাসী কোটার দাবিতে শাহবাগ মোড় অবরোধ
প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৫ শতাংশ আদিবাসী কোটা বহালের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন আদিবাসী কোটা সংরক্ষণ পরিষদ। অবরোধের কারণে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে জনসাধারণকে।
আদিবাসী পরিষদের পক্ষ থেকে বলা হয়, সরকার কোটা বাতিল করে যে পরিপত্র জারি করেছে তা আদিবাসীদের মত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বৈষম্যের সৃষ্টি করবে। তাই সরকারি চাকরিতে আদিবাসীদের জন্য ৫% কোটা রাখতে হবে। সরকার দাবি পূরণ না করার আগ পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেন আদিবাসীরা।
গত ৪ অক্টোবর নবম থেকে ১৩তম গ্রেডের (প্রথম ও দ্বিতীয় শ্রেণি) সরকারি চাকরিতে বিদ্যমান কোটা বাতিল করে পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর থেকে কোটা বহালের দাবিতে আন্দোলন করে আসছে মুক্তিযোদ্ধা সন্তান, প্রতিবন্ধী শিক্ষার্থী ও আদিবাসী শিক্ষার্থীরা। আজ সন্ধ্যা পর্যন্ত আদিবাসী কোটা সংরক্ষণ পরিষদ তাদের অবরোধ কর্মসূচি পালন করবেন বলে জানা গেছে।