তৃতীয় দিনেও কোটার দাবিতে অবরোধ চলছে
সরকারি চাকরিতে কোটা বহালের দাবিতে তৃতীয় দিনের মত অবরোধ শুরু করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। এতে ছুটির দিনেও শাহবাগ এলাকায় দেখা দিয়েছে তীব্র যানজট। শুক্রবার বিকাল ৩টার পর থেকে শুরু হয় পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি। এ সময় আন্দোলনকারীরা ৩০ শতাংশ কোটা বহালের দাবিতে স্লোগান দেন।
বৃহস্পতিবার রাতে মেডিকেল ভর্তি পরীক্ষার কারণে সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অবরোধ স্থগিত রাখার ঘোষণা দিয়েছিল মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শেখ আতিকুর বাবু।
শুক্রবার বিকালে শেখ আতিকুর বাবু দ্যা ডেইলি ক্যাম্পাসের প্রতিবেদককে জানান, ‘অবরোধ আজ শুক্রবারও রাত ১২টা থেকে শনিবার বিকেল ৩টা পর্যন্ত স্থগিত রাখা হবে।’ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১ তম সমাবর্তন অনুষ্ঠান।
শাহবাগ মোড় অবরোধ থাকায় মৎস্য ভবন, এ্যালিফ্যান্ট রোড, ঢাকা বিশ্ববিদ্যালয়, কারওয়ান বাজারের দিক থেকে আসা গাড়িগুলো থমকে পড়েছে। দেখা দিয়েছে দীর্ঘ যানজট। ভোগান্তি পড়েছেন ছুটির দিনে কোনো কাজ বা ঘুরতে বের হওয়া মানুষ।
প্রসঙ্গত, প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলে বুধবার মন্ত্রীসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়ার পর বিকেলে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা। রাত ১টার দিকে তারা ঘোষণা দেন, কোটা বহালের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। বৃহস্পতিবার বিকেল সন্ধ্যা পর্যন্তও চলছিল এ অবরোধ। যদিও এর মধ্যে কোটা বাতিল করে পরিপত্র জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।