০৩ অক্টোবর ২০১৮, ০৯:১৫

কোটা বাদ না সংস্কার; ভাগ্য নির্ধারণ আজ

দীর্ঘ আন্দোলন-সংগ্রাম আর জল্পনা-কল্পনা শেষে কোটার ভাগ্য নির্ধারণ হচ্ছে আজ। নির্ধারণকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠেয় মন্ত্রিসভার বৈঠক। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে কোটা পদ্ধতি বাতিল চেয়ে গত ১৭ সেপ্টেম্বর তারা যে সুপারিশ করেছিলেন, সেটিই আজ মন্ত্রিসভার বৈঠকে উঠবে।

তথ্যমতে, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে চাকরি প্রার্থীদের আন্দোলনের মধ্যে গত ২ জুলাই মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে সাত সদস্যের কমিটি গঠন করে সরকার। প্রাথমিকভাবে ১৫ কার্যাদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হলেও পরে আরো ৯০ কার্যদিবস সময় পায় এ কমিটি। গত ১৭ সেপ্টেম্বর প্রতিবেদন জমা দেওয়া হয় প্রধানমন্ত্রীর কাছে। সেটির ভিত্তিতেই আজ আলোচনা-পর্যালোচনা হবে। সূত্র জানায়, ‘কোটা সংস্কার সংক্রান্ত প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হলে তিনি কোনো মন্তব্য করেননি। তিনি শুধু মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন। এখন মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। সুপারিশের ওপর মন্ত্রিসভার সদস্যরা আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’

পর্যালোচনা কমিটির সুপারিশের পর্যবেক্ষণে বলা হয়েছে, ‘প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ৯ম গ্রেডের (প্রথম শ্রেণী) ও ১০ম-১৩তম গ্রেড (দ্বিতীয় শ্রেণী) পদে মেধার ভিত্তিতে নিয়োগ প্রদান করা যেতে পারে। এসব গ্রেডে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতি বাতিল করা যেতে পারে। কোটা বাতিলের ফলে বিদ্যমান কোটা ব্যবস্থায় সুবিধাভোগী জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার ক্ষেত্রে ভবিষ্যতে প্রতিফলিতব্য প্রভাব নির্দিষ্ট সময় অন্তর পর্যালোচনা করে প্রাপ্ত পরিসংখ্যানের ভিত্তিতে যথোপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে।’

কোটা পর্যালোচনা কমিটি সূত্র জানায়, তারা ভারত, পাকিস্তান, শ্রীলংকা ও ভুটানের সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংগ্রহ ও পর্যালোচনা করে দেখেছেন। তবে ভারত, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান কোটা পদ্ধতি মিলছে না। কারণ ওই দেশ দুটিতে বিভিন্ন প্রদেশ রয়েছে। একেক প্রদেশে একেক ধরনের পদ্ধতি বিদ্যমান। তাদেরও কিছু কোটা আছে সংখ্যালঘু শ্রেণীর জন্য তবে তা খুবই নগণ্য। বাংলাদেশে ওই ধরনের কোনো মাইনরিটি শ্রেণী বা প্রদেশ নেই। দেশে ক্ষুদ্র কিছু নৃগোষ্ঠী থাকলেও তা ওইসব দেশের মতো নয়।এছাড়া শ্রীলংকা ও ভারতের তামিলনাডু রাজ্যসহ বেশ কিছু প্রদেশে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৪০ বছর। এসব তথ্য-উপাত্তের পাশাপাশি দেশ স্বাধীন হওয়ার পর থেকে এযাবৎ প্রশাসন সংস্কারে যেসব কমিশন ও কমিটি গঠন করা হয়েছিল তা সব প্রতিবেদন পর্যালোচনা করেছে সচিব কমিটি। প্রতিটি কমিশন ও কমিটিই কোটা থেকে সরে এসে পর্যায়ক্রমে মেধাকে প্রাধান্য দিয়ে সরকারি চাকরিতে নিয়োগের সুপারিশ করেছিল।

সূত্র আরও জানায়, সচিব কমিটির সিদ্ধান্ত অনুসারে প্রশাসন সংস্কারে মোজাফফর আহমদ চৌধুরী কমিশন, ১৯৭৭ সালে সাবেক সচিব আবদুর রশিদের নেতৃত্বে গঠিত কমিশন, ১৯৯৪ সালে চারজন সচিবের নেতৃত্বে গঠিত প্রশাসন পর্যালোচনা কমিটির রিপোর্ট, ১৯৯৬ সালে জনপ্রশাসন সংস্কারে গঠিত কমিশনের রিপোর্ট এবং সাবেক মন্ত্রিপরিষদ সচিব ড. আকবর আলি খানের নেতৃত্বাধীন কমিশনের রিপোর্টের সুপারিশ আমলে নেয়া হয়েছে। এছাড়া সরকারি কর্মকমিশন (পিএসসি) প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময় নিয়োগে কিভাবে কোটা সংরক্ষণ করেছে, তাও বিবেচনা করেছে সংস্কার কমিটি। সংগ্রহ করা হয়েছে কোটা নিয়ে বিভিন্ন সময় প্রকাশিত সংবাদপত্রের কপি।

কোটার অতীত পর্যালোচনায় দেখা গেছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযোদ্ধাদের জন্য ১৯৭২ সালে কোটা চালু করেছিলেন উপহার হিসেবে। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাকে নির্মমভাবে হত্যার পর এই কোটা বাতিল করা হয়। পরবর্তী ২৪ বছর মুক্তিযোদ্ধাদের এই কোটা দেওয়া হয়নি। ১৯৯৬ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য আবার কোটা চালু করেন। এছাড়া সমাজের পিছিয়ে পড়াদের জন্য কোটা পদ্ধতি চালু আছে। সর্বশেষ ২০০৯ সালের ২০ ডিসেম্বর জেলাওয়ারি কোটা নির্ধারণ করা হয়।

প্রসঙ্গত, বর্তমানে সরকারি চাকরিতে সংরক্ষিত কোটা ৫৬ শতাংশ।  বাকি ৪৪ শতাংশ নেয়া হয় মেধা যাচাইয়ের মাধ্যমে। বিসিএসে নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটায় ৩০, জেলা কোটায় ১০, নারী কোটায় ১০ ও উপজাতি কোটায় ৫ শতাংশ চাকরি সংরক্ষণ করা আছে। এই ৫৫ শতাংশ কোটায় পূরণযোগ্য প্রার্থী পাওয়া না গেলে সে ক্ষেত্রে ১ শতাংশ পদে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগের বিধান রয়েছে। এই কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে বেশ কিছুদিন ধরেই আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা। কোটা সংস্কারের দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধও করছিলেন তারা। পুলিশের সঙ্গে সংঘর্ষও হয় আন্দোলনকারীদের। গ্রেফতার হন আন্দোলনকারী অনেক নেতা। যদিও এরপরও তারা ৫ দফার আলোকে কোটা সংস্কারের দাবি থেকে বিচ্যুত হননি।

আন্দোলনকারীদের পাঁচটি দাবির মধ্যে রয়েছে ১) বিদ্যমান কোটা ব্যবস্থা সংস্কার করে ৫৬ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনা ২) কোটায় কোনও ধরনের বিশেষ নিয়োগ না দেওয়া ৩) চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহারের সুযোগ না দেওয়া ৪) সরকারি চাকরির ক্ষেত্রে সবার জন্য অভিন্ন কাট মার্কস ও বয়সসীমা নির্ধারণ করা এবং ৫) কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোয় মেধা অনুযায়ী নিয়োগ দেওয়া।