অবরোধ শেষ না হতেই পরীক্ষা শুরু, ভোগান্তিতে দূরের চাকরি প্রার্থীরা
বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফার অবরোধ চলবে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত। চলমান অবরোধে দেশের প্রায় সব দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। অবরোধের মধ্যে চাকরির পরীক্ষা নিয়ে বিপাকে পড়েছেন লাখো চাকরিপ্রত্যাশী। শুক্রবার ভোর ৬টায় অবরোধ শেষ হওয়ার মাত্র ৪ ঘণ্টা পর চাকরির পরীক্ষায় বসতে হচ্ছে তাদের।
শুক্রবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত হবে সমন্বিত ১০ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা। পরীক্ষা স্থগিত চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার মৌখিক ও লিখিত আবেদন করেছেন বলে জানিয়েছেন পরীক্ষার্থীরা। তবে সাড়া দেয়নি কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ে সমন্বিত ব্যাংকের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যসচিব মো. সাঈদুর রহমান খান বলেন, ‘এর আগে একবার পরীক্ষাটি পেছানো হয়েছে। ফলে ১০ নভেম্বরই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।’
জানা গেছে, শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সমন্বিত ১০ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার (জেনারেল)-এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৯২২টি শূন্যপদের বিপরীতে সারা দেশ থেকে এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন এক লাখ ৬৯ হাজার ৮৯৭ জন প্রার্থী। রাজধানীর দুই সিটি করপোরেশনের ৫৭টি কেন্দ্রে পরীক্ষা নেবে কর্তৃপক্ষ।
সারা দেশ থেকে রাজধানীর বাস টার্মিনালগুলোতে যে বাস আসছে কিংবা রাজধানী থেকে ছেড়ে যাচ্ছে তা খুবই নগণ্য। ফলে এই এক লাখ ৬৯ হাজার শিক্ষার্থী কিভাবে শুক্রবারের পরীক্ষায় অংশ নেবে তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।