বেকারত্ব দূর করতে সরকার ব্যর্থ: আনু মোহাম্মদ
তেল, গ্যাস, বিদ্যুৎ, বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মোহাম্মদ বলেছেন, দেশে বেকারত্ব দূর করা সরকারের দায়িত্ব। কিন্তু সরকার সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। ছাত্ররা যখন কোটা সংস্কারের দাবি জানাচ্ছে সরকার তখন তাদের বাধা দিচ্ছে।
বুধবার দুপুরে জাবি শিক্ষক-শিক্ষার্থী ঐক্য মঞ্চের ব্যানারে চলমান কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের হামলা ও রাষ্ট্রীয় নিপীড়নের প্রতিবাদে অভিভাবকদের সমাবেশে পুলিশের হামলা ও ছাত্র-শিক্ষক গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
আনু মোহাম্মদ বলেন, প্রধানমন্ত্রী সেদিন সংসদে কোটা সংস্কারের কোনো সিদ্ধান্ত দেননি বরং রাগ প্রকাশ করছেন। সেই রাগের জায়গা থেকে এখনকার এই দমন নিপীড়ন চালানো হচ্ছে। তিনি বলেন, শুরু থেকেই সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে সরকার ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। কোটা সংস্কার আন্দোলনকে কোটা বিরোধী আন্দোলন বলে আখ্যা দিয়ে সরকার কোটাধারীদের উস্কে দেওয়ার অপচেষ্টা করছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এ ধরনের অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়াবে।
জানা যায়, চলমান কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের হামলা ও রাষ্ট্রীয় নিপীড়নের প্রতিবাদে মঙ্গলবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অভিভাবকদের শান্তিপূর্ণ কর্মসূচীতে পুলিশ হামলা করে জাবির সাবেক অধাপক রেহনুমা আহমেদসহ ঢাবির অধ্যাপক ফাহমিদুল হক ও ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতিকে গ্রেফতার করে পুলিশ। পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনার প্রতিবাদে মিছিলটি জাবির সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষক-শিক্ষার্থী ঐক্য মঞ্চ। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক ও অনুষদ প্রদক্ষিণ করে নতুন কলা ভবনের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখার সাধারণ সম্পাদক মো. দিদারের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের আরও বক্তব্য রাখেন, মঞ্চের আহ্বায়ক অধ্যাপক নাসিম আখতার হোসাইন, অধ্যাপক আব্দুল লতিফ মাসুম, অধ্যাপক সাঈদ ফেরদৌস, সহযোগী অধ্যাপক রায়হান রাইন, জাবি সাংস্কৃতিক জোটের সভাপতি মো. আশিকুর রহমান, ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক মাহাথির মুহাম্মদ, ছাত্র ইউনিয়নের শিক্ষা ও গবেষনা সম্পাদক আতাউল হক চৌধুরী প্রমুখ।