৩৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
৩৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ১ হাজার ৩১৪ জনকে ক্যাডার হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার পিএসসি’র এক বিশেষ সভায় এ ফলাফল অনুমোদর হয়। ফল পিএসসি’র ওয়েব সাইটে পাওয়া যাচ্ছে।
মঙ্গলবার পিএসসি’র জনসংযোগ কর্মকর্তা মেহেদী শাহনেওয়াজ জলিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপারিশকৃত ১ হাজার ৩১৪ জনকে ক্যাডারের মধ্যে রয়েছে, প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২০ জন, তথ্য ক্যাডারে ১৪ জন, কৃষি ক্যাডারে ৫০ জন, মৎস্য ক্যাডারে ৭৯ জন, প্রাণী সম্পদ ক্যাডারে ৪৭ জন এবং সাধারণ ক্যাডারে ২১০ জন।
এছাড়া ৩ হাজার ৪৫৪ জনকে নন ক্যাডারে অপেক্ষমান রাখা হয়েছে। পদ পাওয়া সাপেক্ষে তাদের নিয়োগ দেওয়া হবে।
জানা যায়, ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী। প্রাথমিক বাছাই পরীক্ষায় ৮ হাজার ৫২৩ জন উত্তীর্ণ হন। তবে লিখিত পরীক্ষায় অংশ নেন ৮ হাজার ৩১ জন।
গত বছরের ১১ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়। শেষ হয় গত বছরের ২৩ মে। এই পরীক্ষায় ৫ হাজার ৩৭৯ জন পাস করেন। পরে তারা মৌখিক পরীক্ষায় অংশ নেয়। এরপর মঙ্গলবার পিএসসি এ চূড়ান্ত ফল প্রকাশ করে।