সিকৃবি’র ভর্তি পরীক্ষায় আসনপ্রতি লড়বে ২২জন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৩ নভেম্বর। সকাল ১০টা থেকেে এ পরীক্ষা শুরু হবে। এ বছর প্রতি আসনের বিপরীতে লড়বে ২২ জন শিক্ষার্থী। এর মধ্যে ৩৯৩টি (কোটা ছাড়া) আসনের বিপরীতে ৮৭৩৯টি আবেদন জমা পড়েছে।শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর থেকে এসকল তথ্য জানানো হয়।
জনসংযোগ দপ্তর সূত্রে জানা যায়, এবছর ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ, কৃষি অনুষদ, মাৎস্য-বিজ্ঞান অনুষদ, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ, কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ এবং বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদে যথাক্রমে ৯২, ৮১, ৬৯, ৫৮, ৫৮, ৩৫ জন করে মোট ৩৯৩ জনকে মেধাতালিকা থেকে ভর্তি করা হবে।
মুক্তিযোদ্ধা কোটা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের উপজাতি/ অ-উপজাতি কোটা, অন্যান্য জেলার উপজাতি কোটা এবং বিকেএসপি কোটায় বিধি মোতাবেক বিভিন্ন অনুষদে সংরক্ষিত আসনে ভর্তি করা হবে।
পরীক্ষার হলে মোবাইল ফোন এবং কোন ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস সঙ্গে আনা ও ব্যবহার করা যাবে না। বরাবরের মত এবারও থাকছে না নেগেটিভ মার্কিং।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য হটলাইন (০১৫৯১১৯০৫৮৯, ০১৭০৩৯৫৬১৫৮) কিংবা ই-মেইলের (admission@sau. ac. bd) মাধ্যমে জানা যাবে।