ইবির ‘বি’ ইউনিটে পাশের হার ২০ শতাংশ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে পাশের হার ২০ দশমিক ২৫ শতাংশ।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে ফলাফল হস্তান্তর করেন ‘বি’ ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. সাইদুর রহমান। এসময় ‘বি’ ইউনিটের সমন্বকারী সদস্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট ইউনিট সূত্রে জানা যায়, এ বছর ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১ হাজার ৩৫টি আসনের বিপরীতে আবেদন করেন ২১ হাজার ২২০ জন ভর্তিচ্ছু। পরীক্ষায় অংগ্রহণ করেন ১৮ হাজার ৮১০ জন। এদের মধ্যে কৃতকার্য হয় মোট ৩ হাজার ৮১০ জন শিক্ষার্থী। সে হিসেব অনুযায়ী ‘বি’ ইউনিটের পাশের হার ২০ দশমিক ২৫ শতাংশ।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর তিন শিফটে বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘বি’ ইউনিটের ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটস www.iu.ac.bd থেকে জানা যাবে।