১২ নভেম্বর ২০১৮, ১৭:৫৯

ভোটের কারণে পেছাচ্ছে সরকারি স্কুলের ভর্তি পরীক্ষা

  © সংগৃহীত

দেশের সরকারি স্কুলগুলোর ভর্তি পরীক্ষা ও ভর্তি কার্যক্রম পেছাচ্ছে।  একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ পেছানোয় জানুয়ারির প্রথম সপ্তাহে ভর্তি পরীক্ষা আয়োজনের চিন্তা করছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। 

অধিদফতর সূত্রে জানা গেছে, প্রথম দফায় ২৩ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। মাউশি সিদ্ধান্ত নেয় ভর্তি পরীক্ষার কার্যক্রম নির্বাচনের পর চূড়ান্ত করা হবে। ফলে তারিখ নির্ধারণ না করলেও প্রাথমিক খসড়ায় ১৭, ১৮ ও ১৯ ডিসেম্বর পরীক্ষা নেয়ার কথা ছিল। পরে তা পিছিয়ে ২৮ থেকে ৩০ ডিসেম্বর নেয়ার কথা জানা যায়।

এদিকে আজ সোমবার নির্বাচন কমিশন পুনঃতফসিল ঘোষণা করে নির্বাচনের তারিখ ৩০ ডিসেম্বর নির্ধারণ করেছে। এর ফলে এখন পূর্বের সম্ভাব্য তারিখেও ভর্তি পরীক্ষা নিতে পারছে না অধিদফতর।

মাউশির পরিচালক (মাধ্যমিক) ড. আব্দুল মান্নান বলেন, কমিশন আগেই জানিয়েছে, নির্বাচনের আগে ভর্তি পরীক্ষা নেওয়া যাবে না। তাছাড়া ১০ ডিসেম্বরের মধ্যে বার্ষিক পরীক্ষা শেষ করারও নির্দেশ ছিল। তবে নির্বাচনের তারিখ চূড়ান্ত না হওয়ায় ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা সম্ভব হয়নি।  আজ খবর পেলাম আগামী ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখন ভর্তি পরীক্ষা জানুয়ারির প্রথম সপ্তাহে আয়োজন করা সম্ভব হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে আলাপ করে তারিখ নির্ধারণ করা হবে।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সরকারি বিদ্যালয়) নাজমুল হোসেন বলেন, নির্বাচনের সময় পিছিয়ে যাওয়ায় আগের প্রস্তাবিত সময়ে সরকারি স্কুলে ভর্তি পরীক্ষা নেয়া সম্ভব হবে না। এখন জানুয়ারিতে এ পরীক্ষা আয়োজন করতে হবে। এ বিষয়ে মাউশির প্রস্তাবনা পাওয়ার পর শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে সময় নির্ধারণ করা হবে।