ছয় বিশ্ববিদ্যালয়, সাত কলেজ, আইবিএ ও ডেন্টালের ভর্তি পরীক্ষা আজ
উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে চলছে ভর্তির মৌসুম। সাধারণত বছরের শেষ দিকেই সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার প্রতিটি স্তরে ভর্তি কার্যক্রম শুরু হয়। সে হিসেবে বেশ কিছুদিন ধরেই দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটছেন ভর্তিচ্ছুরা। তবে আজকের ব্যাপারটা একটু বেশিই আলাদা। কারণ, আজই অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ১৪ প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষা। এর মধ্যে রয়েছে- দেশের নামকরা ছয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ, অধিভুক্ত সাত কলেজ ও ডেন্টাল।
খোঁজে জানা গেছে, আজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, ডেন্টাল কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ও অধিভুক্ত ৭ কলেজ তথা ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এসব প্রতিষ্ঠানগুলোতে ভর্তির জন্য আবেদন করেছেন কয়েক লাখ পরীক্ষার্থী; যাদের অধিকাংশই বিজ্ঞান বিভাগ থেকে পাস করা শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি বিজ্ঞপ্তি মতে, আজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘এ’ এবং ‘বি’ ইউনিটের পরীক্ষা হবে। আর ‘সি’ ইউনিটের হবে ১০ নভেম্বর। এর মধ্যে ‘এ’ ইউনিট বিজ্ঞান অনুষদের জন্য। এছাড়াও বিজ্ঞান অনুষদভুক্ত ইউনিটের পরীক্ষা রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের। বিশ্ববিদ্যালয়টির ‘সি’ এবং ‘এইচ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে এদিন। যা বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য। আবার বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, ডেন্টাল কলেজ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর ও ৭ কলেজের পরীক্ষাও অনুষ্ঠিত হচ্ছে আজ। জানা গেছে, প্রায় সবগুলো পরীক্ষাই সকাল ১০টা থেকে শুরু হওয়ার কথা।
অভিভাবকরা বলছেন, বর্তমানে ভর্তি পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটতে হয়। এমনও হয়, সময়মতো গন্তব্যে পৌঁছতে না পারায় অনেক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি। এমনকি সকালে এক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে বিকালে অন্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অংশ নেয়ার ঘটনাও অহরহ ঘটছে। টানা দুই-তিন মাস ধরে শিক্ষার্থীদের এমন ভর্তিযুদ্ধে উদ্বিগ্ন থাকতে হয় অভিভাবকদের। সেটিরই আজ পূর্ণ প্রকাশ ঘটছে বলে মনে করছেন তারা।
মিরপুর শেওড়াপাড়ার এক অভিভাবক আমিনুর রহমান বলছেন, আমাদের সন্তানরা ডেন্টাল ভর্তি পরীক্ষায় টিকতে না পারলে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ভর্তি পরীক্ষা দিতে পারে। কিন্তু একদিনে এসব প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা হওয়ায় তারা শুধু ডেন্টালেরই নয়, ইঞ্জিনিয়ারিংয়েও পড়ার সুযোগ হারাবে। সেক্ষেত্রে পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়টি কর্তৃপক্ষের বিবেচনায় নেওয়া উচিত ছিল বলে মনে করেন তিনি।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাসেল আহমেদ লিখেছেন, একই দিনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে হয়, যা অত্যন্ত কষ্টদায়ক। বিষয়টি নিয়ে উদ্বেগ ও উত্কণ্ঠা কাজ করে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। এই সমস্যা নিরসনে অভিভাবক ও শিক্ষাবিদগণ সমন্বিত ভর্তি পরীক্ষার দাবি জানিয়ে আসছেন। কিন্তু কাজ হয়নি। ভর্তিচ্ছুদের ভোগান্তির কথা বিবেচনা করে কার্যকর পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের প্রতি আহ্বান জানান তিনি।
এসব বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিন বলেন, দেশে এখন অনেকগুলো বিশ্ববিদ্যালয়। তাই অনিচ্ছা সত্ত্বেও ওভারলেপ হচ্ছে। কারণ, অনেকগুলো ইউনিট থাকে। স্বভাবতই পরীক্ষা নিতে সময় লাগে।