ঢাবি অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষা শুরু আজ
আজ (শুক্রবার) থেকে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা। বিজ্ঞান, কলা ও সামাজিক বিজ্ঞান এবং বাণিজ্যে-মোট তিন ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নিবেন ভর্তিচ্ছুরা।
প্রথমদিন বিকাল ৩টায় বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাছাড়া আগামীকাল কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা এবং আগামী ১৬ নভেম্বর বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্যকেন্দ্র থেকে জানানো হয়, এ বছর মোট ১২টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো-সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ড. শহীদুল্লাহ কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ এবং লালবাগ সরকারি মডেল স্কুল ও কলেজ।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য সাত কলেজের ওয়েবসাইটে (www.7college.du.ac.bd) পাওয়া যাবে।