০২ নভেম্বর ২০১৮, ১৭:২৭

বশেমুরবিপ্রবির প্রথম দিনের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯৫ শতাংশ 

বশেমুরবিপ্রবিতে স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা  © টিডিসি ফটো

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির ১ম দিনের পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। সকাল ও বিকাল দুই শিফটে এই পরীক্ষা সম্পন্ন হয়। ১ম শিফটে ডি ইউনিটের পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে ১১টা পর্যন্ত চলে। আর ২য় শিফটে বিকাল ৩ থেকে ৪টা পর্যন্ত ই ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুল আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের ১ম দিনের ভর্তি পরীক্ষা ডি ইউনিটে ৯ হাজার ৯৪৫ ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেন। আর ই ইউনিটে আবেদন করেন ২১ হাজার ১১৭ শিক্ষার্থী। এরমধ্যে ৯৫ শতাংশেরও বেশি পরীক্ষার্থী এই দুই ইউনিটে অংশগ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিন পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ গোপালগঞ্জ শহরের ১৩টি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, জেলা ও পুলিশ প্রশাসন, এলাকাবাসী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সহযোগিতায় পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তিনি সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

প্রসঙ্গত, আগামীকাল শনিবার সকাল ১০টায় বশেমুরবিপ্রবির ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের এফ ইউনিট এবং বিকাল ৩টায় জি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।