চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) কোর্সের ‘এ’ ইউনিটের বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত সকল বিভাগ ও ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯ টা ৪৫ মিনিটে থেকে দুপুর ১২ টা পর্যন্ত ১ম শিফটের পরীক্ষা এবং দুপুর ২টা ১৫মিনিট থেকে ২য় শিফটের পরীক্ষা শুরু হয়ে বিকাল ৪টা ৩০মিনিটে তৃতীয় দিনের মত ভর্তি পরীক্ষা শেষ হয়।
পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী ভর্তি পরীক্ষার হলসমূহ পরিদর্শন করেন। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, ‘এ’ ইউনিট ভর্তি কমিটির কো-অর্ডিনেটর এবং জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সফিউল আলমসহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, চবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিশিষ্ট শিক্ষকবৃন্দ, রেজিস্ট্রার, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ভর্তি পরীক্ষার ফলাফল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.cu.ac.bd) পাওয়া যাবে।