০৭ অক্টোবর ২০১৮, ১০:১৯

বুয়েটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছে ১২ শিক্ষার্থী

  © ফাইল ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এবার এক হাজার ৬০টি আসনের বিপরীতে ১২ হাজার ১৩৮ জন পরীক্ষায় অংশ নিচ্ছেন। আসনপ্রতি লড়ছে প্রায় ১২ জন শিক্ষার্থী

দুই শিফটের এ ভর্তি পরীক্ষার প্রথম শিফট শুরু হয়েছে আজ সকাল ৯টা থেকে। চলবে দুপুর ১২টা পর্যন্ত। আর দ্বিতীয় শিফটের পরীক্ষা দুপুর ২টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (তথ্য) মোঃ শফিউর রহমান, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই শিফটের এ পরীক্ষা ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা আগামী ২৭ অক্টোবর প্রকাশ করা হবে।

এদিকে ভর্তি কমিটি জানিয়েছে, ‘পরীক্ষার্থী শিক্ষার্থীরা শুধুমাত্র প্রবেশপত্র এবং বলপেন/পেন্সিল, অনুমোদিত মডেলের ক্যালকুলেটর সঙ্গে নিতে পারবে (বিস্তারিত প্রসপেক্টাস)। মোবাইল ফোন/ওয়াচ ফোন বা কোন ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেউ পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবে না।’

‘ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে বুয়েট সংলগ্ন রাস্তাসমূহে সকাল ৬টা হতে দুপুর ১টা পর্যন্ত যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে। পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট এলাকার সড়ক ব্যবহারকারীদের এই বিষয়ে সচেতন থাকতে অনুরোধ করা হয়েছে।’