এমবিবিএস ভর্তি পরীক্ষায় ডিএমপির ‘ট্রাফিক’ নির্দেশনা
২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের এমবিবিএস ১ম বর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার দেশব্যাপী একসঙ্গে অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগরীতে ৯টি কেন্দ্রে মোট ৩৪ হাজার ৭৪০ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
ঢাকা মহানগরীর পরীক্ষা কেন্দ্রগুলোতে আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের গাড়ী পার্কিংয়ে নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এছাড়া পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের হাতে সময় নিয়ে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিতেও অনুরোধ জানান। বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঢাকা মহানগরীর কেন্দ্রগুলো হল-ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন, লেকচার থিয়েটার ভবন, বিজনেস স্টাডিজ ভবন ও সামাজিত বিজ্ঞান অনুষদ। এছাড়া ঢাকা কলেজ ও গভর্ণমেন্ট ল্যাবরেটরী হাই স্কুলের, ইডেন মহিলা কলেজ, তেজগাঁও কলেজ, মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ।
পরীক্ষা শুরুর পূর্ব হতেই পরীক্ষা কেন্দ্র ও এর আশে-পাশের রাস্তাসমূহে পরীক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন ধরণের যানবাহনের ভীড় লক্ষ্য করা যাবে। এ লক্ষ্যে নিম্নোক্ত পার্কিং ব্যবস্থাপনা অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেছে ডিএমপি।
যানবাহন পার্কিং ব্যবস্থাপনা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক পরীক্ষা কেন্দ্রসমূহে আগত অভিভাবক ও পরীক্ষার্থীদের গাড়িসমূহ মল চত্ত্বর ও জগন্নাথ হল থেকে পলাশী পর্যন্ত পশ্চিম প্রান্তে একদিকে পার্কিং করা যাবে।
ইডেন মহিলা কলেজ কেন্দ্রিক পরীক্ষা কেন্দ্রসমূহে আগত পরীক্ষার্থীদের গাড়িসমূহ নীলক্ষেত হতে পলাশী ক্রসিং পর্যন্ত পূর্ব দিকে এক লেনে পার্কিং করা যাবে।
ঢাকা কলেজ ও গভর্ণমেন্ট ল্যাবরেটরী হাইস্কুল কেন্দ্রিক পরীক্ষা কেন্দ্রসমূহে আগত অভিভাবক ও পরীক্ষার্থীদের গাড়িসমূহ পুরাতন এ্যালিফেন্ট রোড হয়ে গাউছিয়া পর্যন্ত পার্কিং করা যাবে।
তেজগাঁও কলেজে সোনারগাঁও এর দিক থেকে আগত অভিভাবক ও পরীক্ষার্থীরা ইন্দিরা রোডে নেমে ব্যক্তিগত গাড়ি মানিক মিয়া এভিনিউতে পার্কিং করবেন। মানিক মিয়া এভিনিউ ও এ্যারোপ্লেন ক্রসিং দিয়ে আগত পরীক্ষার্থীরা কেআইবি এর সামনে নেমে উদ্যান পার হয়ে তেজগাঁও কলেজে যাবেন। তাদের ব্যক্তিগত গাড়ি ফার্মগেট, বিজয় সরণী, খেজুরবাগান হয়ে মানিক মিয়া এভিনিউ এসে পার্ক করবেন।
মতিঝিল আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজে আগত পরীক্ষার্থীদের সুবিধার্থে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সামনের রাস্তা যানবাহন চলাচলের জন্য বন্ধ থাকবে। ব্যক্তিগত গাড়িসমূহ পীরজঙ্গী ক্রসিং ও কমিশনার গলি ক্রসিং এ ছাত্র-ছাত্রীদের নামিয়ে দিয়ে পার্শ্ববর্তী নির্দিষ্ট এলাকায় পার্কিং করবে।