২৪ জুন ২০২৩, ১৫:৪০

ইডেনে যেটা ৫ মিনিটে হয়নি, তিতুমীরে সেটা ৩৫ মিনিটেও হল!

তিতুমীর কলেজের রোশনি ও ইডেন কলেজের এক ভর্তিচ্ছু  © টিডিসি ফটো

ব্যবসায় ইউনিটের পরীক্ষা দিয়ে আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত সরকারি কলেজের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। এদিন বেলা ১১টা থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলে বেলা ১২টা পর্যন্ত। এতে সরকারি তিতুমীর কলেজ কেন্দ্রে পরীক্ষা শুরুর ৩৫ মিনিট দেরি করে এসে এক ভর্তিচ্ছু অংশ নিয়েছেন। কলেজের ড. ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের তৃতীয় তলায় তার পরীক্ষা কক্ষ ছিলো।

ওই ভর্তিচ্ছুর নাম রোশনি। তিনি সাভার থেকে তিতুমীর কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে এসেছেন। তিনি সাভারের একটি স্কুল থেকে মাধ্যমিক ও পরে রাজধানীর তেজগাঁও মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছেন। সাভার থেকে আসতে রাস্তায় অতিরিক্ত জ্যাম থাকায় নির্দিষ্ট সময়ে তিনি পৌঁছাতে পারেননি বলে দাবি করেন।

এদিকে, গেল ১৭ জুন সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিনের পরীক্ষায় ইডেন কলেজ কেন্দ্রে ৫ মিনিট দেরি করে যাওয়ায় বেশকিছু ভর্তিচ্ছু কেন্দ্রটিতে প্রবেশ করতে পারেননি। পরীক্ষা শুরুর নির্দিষ্ট সময়ের পর ইডেন কলেজের গেটে দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরা গেট লক করে চলে যান। এসময় কেন্দ্রটির প্রধান ফটকে ভর্তিচ্ছুদের বিক্ষোভের সুর দেখা গেছে।

৩৫ মিনিট দেরিতে এসে দৌঁড়ে কেন্দ্রে প্রবেশ করছেন রোশনি

সেদিন গেটের সামনে ভর্তিচ্ছুদের নিজেদের পরিচয় জানিয়েও ইডেন কলেজ কেন্দ্রে প্রবেশ করতে পারেননি। নিরাপত্তা কর্মীদের উদ্দেশ্যে এসময় তাদের বলতে শোনা গেছে ‘গেট খোলেন আমি পরীক্ষার্থী’। কিন্তু তখন ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। সেসময় ওই শিক্ষার্থী গেটে অনেক্ষণ ধরে ধাক্কাধাক্কিও করেও কেন্দ্রে প্রবেশে ব্যর্থ হন।

সেদিন ইডেন কলেজের এ ঘটনা দেশের বিভিন্ন টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ায় বেশ গুরুত্ব সহকারে প্রচারিত হয়। এরপর আজকে ব্যবসায় ইউনিটের ভর্তি পরীক্ষায় তিতুমীর কলেজ কেন্দ্রে রোশনি নামের এক ভর্তিচ্ছুর ৩৫ মিনিট দেরি করে এসেও পরীক্ষায় অংশ নেওয়ার একটি ভিডিও দ্যা ডেইলি ক্যাম্পাসে প্রচারিত হয়। সেখানে ইডেন কলেজ কেন্দ্রের অভিজ্ঞতা শেয়ার করে একাধিক ভর্তিচ্ছুকে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

ইডেন কলেজ কেন্দ্রে অভিজ্ঞতা জানিয়ে মারজিয়া তাসনুব নামে এক ভর্তিচ্ছু লিখেছেন, আজ ৩৫ মিনিট পর এসে পরীক্ষা দিতে পেরেছে। আর বিজ্ঞান ইউনিটের পরীক্ষার দিন ৫ মিনিট দেরি করায় ইডেন কলেজে ঢুকতে দেওয়া হয়নি। যাদেরকে সেদিন ঢুকতে দেওয়া হয়নি, তাদের কী অপরাধ ছিলো?

আরও পড়ুন: গেট খোলেন আমি পরীক্ষার্থী— ইডেন কলেজে ঢুকতে না পেরে ভর্তিচ্ছু

জানতে চাইলে তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেছেন তিনি বিষয়টি জানতেন না। অধ্যাপক ফেরদৌস আরা বলেন, দেরি করে পরীক্ষা কেন্দ্রে এসে পরীক্ষায় অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। পরীক্ষা শুরুর সময় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল ক্যাম্পাসে সার্বক্ষণিক ছিলেন। এ ধরনে কোনো ঘটনায় আমরা দেখিনি।

দ্যা ডেইলি ক্যাম্পাসে প্রচারিত রোশনির দেরি করে আসার ভিডিওর বিষয়টি কলেজ অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, বিষয়টি আমাদের দেখতে হবে। ভর্তিচ্ছুদের কেন্দ্রে আসার বিষয়ে প্রবেশপত্রে নির্দেশনা উল্লেখ থাকে। ভর্তিচ্ছুরা এ নির্দেশনা অনুযায়ী কেন্দ্রে আসেন এবং পরীক্ষায় অংশ নেন। এর বাইরে যে বিষয়ে বলা হচ্ছে, সেটি না দেখে কোনো মন্তব্য করা যাবে না।

ইডেন কলেজের কেন্দ্রে ভর্তিচ্ছুর প্রবেশ করতে না পারা নিয়ে সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান বলেছেন, পরীক্ষায় কিছু নিয়মনীতি, শৃঙ্খলা অনুসরণ করতে হয়। একটি পরামর্শ দেওয়া থাকে যে, পরীক্ষা শুরুর কয়েক মিনিট আগে উপস্থিত থাকতে হয়। ভর্তি পরীক্ষায় স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতার জন্য কিছু নিময় মেনে চলতে হয়। বৃহত্তর স্বার্থে কিছু প্রতিষ্ঠিত নিয়ম নীতি অনুসরণ করে পরীক্ষার হলে আসতে হয়, পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়।