০৪ জানুয়ারি ২০১৯, ২১:০২

ভারতে ৩ বছর আটক থাকার পর দেশে ফিরেছে ৪ শিশু-কিশোর

ভারতে ৩ বছর আটক থাকার পর দেশে ফেরা ৪ শিশু

ভারতের একটি শিশু হোমে ৩ বছর ধরে নিরাপত্তা হেফাজতে আটক থাকা বাংলাদেশি ৪ শিশু-কিশোর ফেরত দিয়েছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশের দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাদের হস্তান্তর করা হয়। এসময় সেখানে বিজিবি, বিএসএফ এবং শুভায়ণ হোমের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেরত আসা শিশু-কিশোররা হলেন কক্সবাজার জেলার চকরিয়া থানার মাহিজ পাড়ার আবু বকর সিদ্দিকের ছেলে রবিউল আলম (১৬), কুমিল্লা জেলার লাকসাম থানার গাজীমুড়া গ্রামের জামাল হোসেনের ছেলে জাফর ইকবাল (১২), জামালপুর জেলার মেলান্দহ থানার উদনা গ্রামের হাসান মাহমুদের ছেলে মেহেদী হাসান (১৭) এবং জয়পুরহাট সদর থানার নিত্তি গ্রামের মজিবর মার্ডির ছেলে জহন মার্ডি (১৭)।

দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সবুর মিয়া জানান, বাংলাদেশি এই শিশুরা বিভিন্ন সময়ে ভারতে অবৈধভাবে প্রবেশ করায় সেদেশের পুলিশ তাদের আটক করে। পরে ভারতের দক্ষিণ দিনাজপুরের শুভায়ণ হোমে আটক রাখা হয়। একপর্যায়ে তাদের ফেরত দেওয়ার ব্যাপারে দুই দেশের আইনী প্রক্রিয়া সম্পন্ন হলে গতকাল (বৃহস্পতিবার) ভারতের হিলি ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশে হস্তান্তর করে। এরা একেকজন ২-৩ বছর ধরে আটক ছিল বলে জানান তিনি।