মানবতার দেয়াল এবার নজরুল বিশ্ববিদ্যালয়ে
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) স্থাপন করা হল ‘মহানুভবতার দেয়াল’। বিশ্ববিদ্যালয়ের রংধনু সংগঠন বটতলার পাশে গড়ে তোলে এ মানবতার দেয়াল। ইতোমধ্যে দেশের বিভিন্ন জায়গায় ব্যক্তিগত উদ্যোগে ও সামাজিক সংগঠন গড়ে তুলছে এই মানবতার দেয়াল। মানুষের প্রাত্যহিক জীবনে ব্যবহারের অতিরিক্ত এবং অপ্রয়োজনীয় কিন্তু অপরের কাছে প্রয়োজনীয় এমন জিনিস স্বেচ্ছায় এ দেয়ালে রেখে যাওয়া হয়। পরে যার প্রয়োজন সে এখান থেকে নিয়ে যায়।
সংগঠনটির সভাপতি শাওন জুবায়েদ বলেন, মানবতার দেয়ালটি বিশ্ববিদ্যালয়ের বাইরে বটতলা সংলগ্ন হওয়ায় এলাকার দরিদ্র মানুষ প্রয়োজনীয় কাপড় সংগ্রহ করতে পারবে সহজে। দেয়ালটির কার্যক্রম শুরু করার পর অনেকেই নিজের অপ্রয়োজনীয় কাপড় রেখে যাচ্ছেন এবং অনেকেই সেখান থেকে নিজের প্রয়োজনীয় কাপড় নিতে পারছেন। তিনি বলেন, আমরা স্বেচ্ছাশ্রমের মধ্যদিয়ে বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে চাই। প্রাণ-প্রকৃতির সাথে মিশে দেশটাকে ভালোবাসতে চাই।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান বলেন, ‘সুন্দর ও সৌহার্দপূর্ণ সমাজ নির্মাণে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে আমাদের। এ ক্ষেত্রে মানবতার দেয়াল যে অসাধারণ কর্মযজ্ঞ গ্রহণ করেছে, তা সত্যি প্রশংসনীয়।’