১২ জানুয়ারি ২০২৬, ১৬:৫০

ঢাকায় শুরু হচ্ছে দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন

প্রতীকী ছবি  © সংগৃহীত

আগামীকাল (১৩ জানুয়ারি) রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে তিন দিনব্যাপী (১৩–১৫ জানুয়ারি) “উচ্চশিক্ষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা-২০২৬” শীর্ষক দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলন শুরু হচ্ছে। বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় সম্মেলনটির আয়োজন করা হয়েছে। এ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের উচ্চশিক্ষাকে নতুন উচ্চতায় উন্নীত করার পাশাপাশি সার্কভুক্ত দেশগুলোর উচ্চশিক্ষা কমিশন নেটওয়ার্ককে শক্তিশালী করা হবে।

সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজ এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন এবং বাংলাদেশে বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেম। ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান স্বাগত বক্তব্য রাখবেন।

সম্মেলনে সার্কভুক্ত দেশগুলোর ইউজিসি ও উচ্চশিক্ষা কমিশনের প্রতিনিধি, বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ ও গবেষকরা অংশগ্রহণ করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, মন্ত্রণালয়ের সচিব, পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কূটনীতিক, হিট প্রকল্প ও আন্তর্জাতিক সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা, শিল্প ও বাণিজ্য সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।

আরও পড়ুন: প্রাথমিক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের প্রমাণ পায়নি ডিপিই, ফল প্রকাশ নিয়ে যা বললেন কর্মকর্তা

মোট ৩০ জন আন্তর্জাতিক প্রতিনিধি যুক্তরাজ্য, মালদ্বীপ, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণ করবেন। সম্মেলনের মূল উদ্দেশ্য হলো দক্ষিণ এশীয় অঞ্চলের ইউজিসি নেটওয়ার্কের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করা, বিশ্ববিদ্যালয়ে সুশাসন নিশ্চিত করা, শিক্ষা ও গবেষণার মান উন্নয়ন, আধুনিক প্রযুক্তির সংযোজন, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা বৃদ্ধি, উচ্চশিক্ষার রূপান্তর এবং বিদ্যমান চ্যালেঞ্জ নিরসনে করণীয় নির্ধারণ করা।

প্রথম দিনে অনুষ্ঠিত হবে ‘স্টেট অব হায়ার এডুকেশন ইন সাউথ এশিয়া: গভর্নেন্স, কোয়ালিটি অ্যান্ড ইনক্লুসিভনেস’ এবং ‘স্টেট অব হায়ার এডুকেশন ইন সাউথ এশিয়া: রিসার্চ, ইনোভেশন, সাসটেইনেবিলিটি অ্যান্ড কমিউনিটি এনগেজমেন্ট’ শীর্ষক দুটি সেশন।

দ্বিতীয় দিনে থাকছে ‘ইমার্জিং ইস্যুজ ইন হায়ার এডুকেশন: এআই ইন্টিগ্রেশন, ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যান্ড স্মার্ট লার্নিং ইকোসিস্টেম’; ‘ফিউচার পাথওয়ে ইন হায়ার এডুকেশন: এনহ্যান্সিং গ্র্যাজুয়েট এমপ্লয়াবিলিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশন’; ‘ফিউচার পাথওয়ে ইন হায়ার এডুকেশন: কো-অপারেশন, কোলাবরেশন অ্যান্ড নেটওয়ার্কিং’; ‘স্টেকহোল্ডারস ডায়ালগ অন হায়ার এডুকেশন ট্রান্সফরমেশন: ভয়েস অব দ্য সিভিল সোসাইটি’; এবং ‘ডায়ালগ উইথ ভাইস-চ্যান্সেলরস: হিট প্রজেক্ট ইন পার্সপেকটিভ’ শীর্ষক সেশন।

শেষ দিনে অনুষ্ঠিত হবে ‘জেন্ডার ইন হায়ার এডুকেশন: কারেন্ট ট্রেন্ডস অ্যান্ড চ্যালেঞ্জেস’ সেশন এবং সম্মেলনের সমাপনী পর্বে ঘোষণা করা হবে ‘ঢাকা হায়ার এডুকেশন ডিক্লারেশন’।