২৪ জুলাই ২০২০, ০৮:১০

ঢাবির বাজেট বাড়লেও গবেষণায় বরাদ্দ কমছে

  © ফাইল ফটো

২০২০-২০২১ অর্থবছরের জন্য ৮৬৯ কোটি ৫৬ লাখ টাকার বাজেট অনুমোদন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। ঢাবির ইতিহাসে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় আকারের বাজেট। গত অর্থ বছরের তুলনায় বাজেটে অর্থ বরাদ্দ বেড়েছে ৭ দশমিক ৩০ শতাংশ। তবে ২০১৯-২০২০ অর্থবছরের তুলনায় আগামী অর্থবছরের মূল বাজেটের তুলনায় গবেষণাখাতে বরাদ্দ কমেছে।

গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে মুলতবিকৃত সিনেটের বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দীনের পক্ষে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ ২০২০-২১ অর্থবছরের মূল বাজেট এবং ২০১৯-২০ অর্থবছরের সংশোধিত বাজেট উত্থাপন করেন ।

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্ব এই অধিবেশনে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এএসএম মাকসুদ কামাল, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এনাম উজ্জামানসহ সিনেট সদস্যরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২০-২০২১ অর্থবছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ৮৬৯ কোটি ৫৬ লাখ টাকার বাজেট অনুমোদন করেছে। প্রস্তাবিত বাজেটে গবেষণাখাতে মোট বরাদ্দ রাখা হয়েছে ৪০ কোটি ৯১ লাখ টাকা, যা মোট বাজেটের ৪ দশমিক ৭ শতাংশ৷

অন্যদিকে ২০১৯-২০ অর্থবছরে ৮১০ কোটি ৪২ লাখ টাকার বাজেট অনুমোদিত হয়েছিল। যেখানে গবেষণায় বরাদ্দ ছিল ৪০ কোটি ৮০ লাখ ৭০ হাজার টাকা। যা মোট বাজেটের ৫ দশমিক ৪ শতাংশ৷ এর আগে ২০১৮-২০১৯ অর্থবছরে গবেষণাখাতে বরাদ্দ ছিল মূল বাজেটের ৬ দশমিক ৬৬ শতাংশ৷

গত দুই অর্থবছরের বাজেট বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই বছর আগের বাজেটে গবেষণায় যত বরাদ্দ ছিল, গতবার তার চেয়ে কমেছিল, এবার তা আরও কমছে। অথচ মোট বাজেটের আকার প্রতিবারই বাড়ছে।

আবার গবেষণাখাতে যত টাকা বরাদ্দ রাখা হচ্ছে তার পুরোটা খরচ করতে পারছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিদায়ী ২০১৯-২০ অর্থবছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেটে গবেষণাখাতে বরাদ্দ ছিল ৪০ কোটি ৮০ লাখ টাকা। সংশোধিত বাজেটে গবেষণা খাতে ব্যয় দেখানো হয়েছে ৩৭ কোটি ৭২ লাখ টাকা৷

বাজেট বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুদান রয়েছে ৭৪৮ কোটি ৬ লাখ টাকা। আর শিক্ষার্থীদের ফি, ভর্তি ফরম বিক্রি, বেতন-ভাতা, সম্পত্তিসহ নিজস্ব খাত থেকে ৭১ কোটি টাকা আয় দেখানো হচ্ছে। এ দুই খাত থেকে ৮১৯ কোটি ছয় লাখ টাকা আয় হওয়ায় ঘাটতি থাকবে ৫০ কোটি ৫০ লাখ টাকা৷