ছাত্রকে যৌন হয়রানি ঢাবি শিক্ষকের: দুই মাসেও বৈঠক করেনি তদন্ত কমিটি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. এরশাদ হালিমের বিরুদ্ধে ছেলে শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে গঠিত তদন্ত কমিটি দুই মাস পেরিয়ে গেলেও কোনো বৈঠক করেনি। তদন্তে এ গাফিলতির প্রতিবাদে প্রো-ভিসি (প্রশাসন) অফিস ঘেরাও করেছে রসায়ন বিভাগের শিক্ষার্থীরা।
আজ সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় প্রো-ভিসি অফিসের সামনে অবস্থান নেন তারা। এসময় তাদেরকে ‘মইরা গেছে প্রশাসন’, ‘ভিসি অফিস তালা হবে’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
উল্লেখ্য, ছেলে শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে অধ্যাপক ড. মো. এরশাদ হালিমকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে সাময়িক বহিষ্কার করে এবং অভিযোগের সত্যতা যাচাইয়ে গত বছরের ২০ নভেম্বর একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির কার্যপরিধি অনুযায়ী তিন মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। তবে ইতোমধ্যে দুই মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত একটিও বৈঠক হয়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের।
অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়েমা হক বিদিশার কাছে তাদের দাবি তুলে ধরেন।
রসায়ন বিভাগের শিক্ষার্থী মো. সামিউল ইসলাম বলেন, প্রশাসন আমাদের জানিয়েছিল তিন মাসের মধ্যে তদন্ত রিপোর্ট দেওয়া হবে। অথচ এখন পর্যন্ত একটি বৈঠকও হয়নি। আমরা চাই নির্দিষ্ট সময়ের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত প্রতিবেদন প্রকাশ করে অপরাধীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।
এসময় প্রতীকী লাল কার্ড প্রদর্শন করে আরেক শিক্ষার্থী রাহুল বিশ্বাস বলেন, আমরা প্রশাসনের কাছে বারবার আমাদের দাবি ও মামলার অগ্রগতি জানতে চেয়েছি। কিন্তু প্রশাসন আমাদের দাবি পূরণ করতে পারেনি। তাই প্রতিবাদস্বরূপ আমরা লাল কার্ড দেখাচ্ছি।
এ বিষয়ে তদন্ত কমিটির সদস্য শেখ আইয়ূব আলী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা বিষয়টি নিয়ে আগামীকাল একটি মিটিং করার সিদ্ধান্ত নিয়েছি। ভিকটিম ও অভিযুক্তদের সঙ্গে কথা বলে নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন পেশ করার চেষ্টা করব।
এ বিষয়ে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়েমা হক বিদিশা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, যেহেতু তদন্ত কমিটি স্বাধীনভাবে তদন্ত করে, সেহেতু আমরা প্রশাসন থেকে অনুরোধ করব প্রক্রিয়াটা যাতে সময় মত শেষ করা হয়।