বুয়েটসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেন নেত্রকোণার মাহফুজ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার উলুয়াটি গ্রামের আব্দুস সালাম ও রওশন ইজদানী একাডেমির সহকারি শিক্ষিকা কল্পনা আক্তারের একমাত্র সন্তান মাহমুদুল হাসান মাহফুজ। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে তিনি ভর্তির সুযোগ পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট)। মেধা তালিকায় তার স্থান ২৪৪।
এছাড়াও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২৬২তম, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ১৪৭তম, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) ১৬৬তম এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ৩৮৪তম মেধাস্থান অর্জন করেন তিনি।
এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ১৬৮৭তম এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ৪৪৮ তম হয়েছেন। সবমিলিয়ে মোট সাতটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন তিনি।
মাহমুদুল হাসান মাহফুজের শিক্ষাজীবনের শুরু নিজ গ্রামের উলুয়াটি আদর্শ শিশু একাডেমি থেকে। ২০২৩ সালে জেলার আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন।
পরবর্তীতে ২০২৫ সালে ঢাকার নটডেম কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ লাভ করেন। ধারাবাহিক কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ তিনি এসএসসি ও এইচএসসি—উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় বোর্ড সাধারণ বৃত্তি অর্জন করেন।
উলুয়াটি আদর্শ শিশু একাডেমির সাবেক প্রধান শিক্ষক ও রওশন ইজদানী একাডেমির সিনিয়র শিক্ষক আমিরুল ইসলাম বলেন,আমার ছাত্র মাহফুজ দেশের অন্যতম সাতটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ায় আমরা সাবেক শিক্ষক পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত। বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
মাহফুজ জানান, ছোটবেলা থেকেই তিনি একজন দক্ষ প্রকৌশলী হয়ে দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার স্বপ্ন দেখছেন।
মাহফুজের বাবা আব্দুস সালাম বলেন, তার সাফল্যের পেছনে অবদান রাখা সকল শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি এবং তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার দোয়া কামনা করছি।