অনুশীলনে নেই মেসি-দি মারিয়া, বাড়ছে রহস্য
লিওনেল মেসি ও দি মারিয়ার সুস্থতা নিয়ে গুঞ্জন তৈরি হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কাতার বিশ্ববিদ্যালয়ের মাঠে দুই তারকাকে ছাড়াই আর্জেন্টিনার কোচ লিয়োনেল স্কালোনি অনুশীলনে নামেন। এ নিয়েরহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে। বৃহস্পতিবার বিকেলেও অনুশীলন করেননি মেসি। তবে মাঠে এসে কয়েক পাক হেঁটেছিলেন।
বিশ্বকাপের জন্য শুক্রবারই স্থানীয় সময় সন্ধে ৬টা থেকে ছিল আর্জেন্টিনা দলের প্রথম আনুষ্ঠানিক অনুশীলন। বিকেল থেকেই প্রস্তুতি শুরু করে দেন স্কালোনির সহকারীরা। মাঠের বিভিন্ন জায়গায় ছোট ছোট বল সাজিয়ে রাখেন। ভিড় করতে শুরু করেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। আর্জেন্টিনার সাংবাদিকরা মেসির নামে গান গাইছিলেন।
৫টা ১৫ নাগাদ স্কালোনির সহকারীরা মাঠের ভিতরে ঢুকেই চিন্তিত মুখে বেরিয়ে যান। আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্টের এক সদস্য বলছিলেন, শক্ত মাঠে অনুশীলন করলে ফুটবলারদের চোট লাগার আশঙ্কা রয়েছে। তাই পানি দেওয়া হচ্ছে মাটিটা একটু নরম হয়। মেসিরা টানা ম্যাচ খেলে ক্লান্ত। সুরক্ষার কথা ভেবেই পানি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
৬টার দিকে স্কালোনি মাঠে নামলেন। পেছনে পাওলো দিবালারা। মেসি-ভক্ত বছর সাতেকের কার্লাকে নিয়ে এসেছিলেন কাতারে কর্মরত আর্জেন্টিনা দূতাবাসের এক কর্মী। মেয়েকে তিনি বলছিলেন, আর্জেন্টিনার কোচ মাঠে। এ বার আসবেন মেসি। কিন্তু যাঁর জন্য এত আয়োজন, তিনিই এলেন না। ছোট্ট কার্লার মুখ ভার। চকলেট বের করেও মেয়ের মানভঞ্জনের চেষ্টা করেও ব্যর্থ বাবা। তবুও মেয়েকে সান্ত্বনা দিচ্ছিলেন, মেসি নিশ্চয়ই নামবেন। হয়তো তৈরি হচ্ছেন।
আরো পড়ুন: বাংলাদেশি ভক্তদেরকেই সবচেয়ে বেশি পছন্দ করেন নেইমার
অপেক্ষাই সার, মেসি এলেন না। শেষ পর্যন্ত মেয়েকে কোলে নিয়ে বেরিয়েই গেলেন বাবা। প্রশ্ন উঠছে মেসি, দি মারিয়া কেন অনুশীলন করলেন না? লিসান্দ্রো মার্তিনেজও ছিলেন না। ২২ নভেম্বর সৌদি আরবের বিরুদ্ধে প্রথম ম্যাচে কি খেলতে পারবেন তাঁরা? টিম ম্যানেজমেন্টের সদস্যদের সঙ্গে কথা বলে রহস্য আরও বেড়ে গিয়েছে। এক জন বললেন, মেসি সম্পূর্ণ সুস্থ। ক্লান্ত বলে বিশ্রাম নিচ্ছেন।
কয়েক মিনিট পরে আর এক জন বললেন, মেসি অনুশীলন করছেন তো। তবে বিশ্ববিদ্যালয়ের জিমে। শনিবার থেকে মাঠে নামবেন। দি মারিয়া ও লিসান্দ্রোর বিষয়ে কথা উঠতেই ব্যস্ততা বেড়ে গেল সেই সদস্যের।
আবুধাবিতে প্রস্তুতি ম্যাচ খেলে কাতারে পা দিয়েই ধাক্কা খেয়েছেন স্কালোনি। চোট পেয়ে ছিটকে গিয়েছেন নিকোলাস গঞ্জালেস ও হোয়াকিম কোরেয়া। তাঁদের শূন্যস্থান পূর্ণ করার জন্য অ্যাঞ্জেল কোরেয়া ও থিয়াগো আলমাদাকে দলে ডেকেছেন। মেসি চোটের কারণে মাঠে না নামতে পারলে তাঁর অভাব কীভাবে পূরণ করবেন তা অবশ্য জানা নেই কারোর। আনন্দবাজার।