০৫ মার্চ ২০২০, ১৮:৫২

বয়সের ব্যবধান ভুলে প্রাণের উচ্ছ্বাসে মাতোয়ারা চবির রাজনীতি বিজ্ঞান বিভাগ

  © টিডিসি ফটো

সদ্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থী থেকে শুরু করে দুই যুগ আগে বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকানো প্রবীণ, সবাই মেতেছে এক স্লোগানে, ‘পরিবর্তনে প্রবাহমান পঞ্চাশ’। বলছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রাজনীতি বিজ্ঞান বিভাগের পঞ্চাশ বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী উৎসবের কথা। বয়সের পার্থক্যটা আজ আর কোনো ভেদাভেদ তৈরী করতে পারেনি তাদের মধ্যে।

বয়সের ব্যবধান ভুলে একে অপরের হাত ধরে কেউ কেউ মেতেছে পুরোনো কিংবা নতুন দিনের গানে। কেউ বা মেতেছে বন্ধুর সাথে স্মৃতি চারণে আর মাঝে মাঝে আকাশ বিদীর্ণ করা উচ্চ হাসিতে। বৃহস্পতিবার (৫ মার্চ) সারা দিন এরকমই হরেক রকমের চোখে পড়ার মতো টুকরো টুকরো ঘটনায় মুখরিত ছিল চবির সমাজ বিজ্ঞান অনুষদ প্রাঙ্গন।

অনেকেরই হয়তো মনে পড়ে যাচ্ছে, ক্লাস ফাঁকি দিয়ে বন্ধুদের সাথে ঝুপড়িতে বসে আড্ডা দেওয়ার কথা। কারো বা বন্ধুদের সাথে কাটানো অন্য কোনো সুখকর মুহূর্ত।

একদিন যাদের সাথে ক্যাম্পাস মুখরিত করে বেড়াত। আজ দুই যুগ পরে সেই প্রাণের বন্ধুর সাথে দেখা। কারো কারো বা সময়ের ব্যবধানটা আরও বেশি। চোখের জলই যেন এখানে আনন্দ প্রকাশের একমাত্র মাধ্যম। বন্ধুকে জড়িয়ে ধরে অব্যক্ত কথাগুলো এখন প্রকাশিত হচ্ছে আরো জোরে জড়িয়ে ধরার মাধ্যমে।

১ম ব্যাচ থেকে শুরু করে সর্বশেষ ৫৫তম ব্যাচ, সবারই স্বতস্ফুর্ত অংশগ্রহন ছিল চোখে পড়ার মতো। এভাবেই দু’দিনব্যাপী সুবর্ণ জয়ন্তী উৎসবের প্রথম দিন কেটেছে বিভাগের নতুন, প্রাক্তন প্রায় ৩ হাজার শিক্ষার্থীর। শত ব্যস্ততার মধ্যেও প্রাক্তন শিক্ষার্থীদের এমন উপস্থিতি ছিল মনমুগ্ধকর।

বিকালে শহীদ আব্দুর রব হল মাঠে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বহুদিন পর বন্ধুদের সাথে পাশাপাশি হাতে হাত রেখে গান শোনা। মাঝে মাঝে বা গানের তালে তালে নাচ! স্মৃতির পটে এমন আরেকটা সুন্দর ছবি এঁকে নিতে সবাই ছিল বদ্ধপরিকর। এভাবেই কেটে যায় রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রথম দিনের অনুষ্ঠান।

সপরিবারে অনুষ্ঠানে অংশ নিয়েছেন ১৩তম ব্যাচের এক শিক্ষার্থী। তিনি বলেন, অনেক ব্যস্ততা উপেক্ষা করে অংশ নিয়েছি প্রাণের বিভাগের অনুষ্ঠানে। এ আনন্দ আসলে মুখে ব্যক্ত করার মতো নয়। অনেক দিন পর বন্ধুরা এক জায়গায়। এ সুখের অনুভূতি শুধু উপভোগের।

উল্লেখ্য, সুবর্ণ জয়ন্তী উৎসবের দ্বিতীয় দিনে নগরীর বহদ্দারহাট স্বাধীনতা কমপ্লেক্সে সকাল ৯ টায় স্মৃতিচারণ, জুমার নামাজ ও খাবার বিতরণের পর প্রাক্তন ও বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও আমন্ত্রিত শিল্পী মৌমিতা বড়ুয়া ও সন্দীপনা দাশের পরিবেশনা ও থাকছে ব্যান্ডদল ‘নাটাই’ এর পরিবেশনা।