১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৪৭

আনন্দ উৎসবে চবির বাংলা বিভাগের বসন্ত বরণ

  © টিডিসি ফটো

‘মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয়ে গেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলা বিভাগের বসন্ত বরণ উৎসব। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল অবধি বাংলা বিভাগে অনুষ্ঠিত হয় এ উৎসব। বিভাগের সব বর্ষের শিক্ষার্থীর অংশগ্রহণে সারাদিনই মুখরিত ছিল কলা ও মানববিদ্যা অনুষদের বাংলা চত্বর।

বাংলা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জীবন বড়ুয়া ও একই শিক্ষাবর্ষের জান্নাতুল সাদিয়া পুষ্প’র সঞ্চালনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি ড. শফিউল আজম সহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল, বাঙালি জাতির বিভিন ঐতিহ্যবাহী খাবার যেমন, মোয়া, তিলের খাজা, দেশি কুল, গজা, মিষ্টি, বাতাসা, খুরমা, খিলি পান ইত্যাদি। এছাড়াও বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এর মধ্যে ছিল নৃত্য, গান, অভিনয় ইত্যাদি।

মুঠোফোনে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. মহিবুল আজীজ। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ড. সফিউল আজম ডালিম ও ড. মাখন চন্দ্র রায়।

বিভাগের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হুমাইরা তাজরিন ইতু বলেন, বাংলা বিভাগের কাছে এ ধরণের ঐতিহ্যবাহী আয়োজন সবসময় আশা করা হলেও এই প্রথমবারের মতো আয়োজিত হলো বসন্ত বরণ। জলবায়ু পরিবর্তনের কারণে ষড়ঋতুর বাংলাদেশের বৈচিত্র্য বিলুপ্তির পথে, এ ধরণের আয়োজনের মাধ্যমে আমরা আমাদের প্রাকৃতিক, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য লালন করতে চাই। আর বাংলা বিভাগের ছাত্র-ছাত্রী হিসেবে এসব ঐতিহ্য ধরে রাখা এবং পালন করা আমাদের অন্যতম দায়িত্ব। তাই ভবিষ্যতে বাংলা বিভাগের হয়ে এ ধরণের অায়োজন বাস্তবায়নে আমরা উদগ্রীব।

স্নাতকোত্তরের শিক্ষার্থী সোহারাভ পাভেল বলেন, বাঙালি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে আমাদের আজকের এই উৎসবের আয়োজন। ভবিষ্যতে আরো ভালো ভালো অনুষ্ঠানের আয়োজন করতে পারব বলে আমি আশাবাদী। আমাদের বিভাগের শিক্ষকরা যদি আমাদের পাশে থাকে তাহলে ভবিষ্যতে আরো ভালো ভালো অনুষ্ঠান আমরা আয়োজন করতে পারব।

ড. মাখন চন্দ্র রায় বলেন, বাংলা বিভাগের উদ্যোগে আজকের বসন্ত বরণ উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। এধরণের আয়োজন বর্তমান তরুণ প্রজন্মকে আরো প্রগতিশীল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।