শিক্ষিত সমাজের দুর্নীতিই দেশের প্রধান সমস্যা: ইউজিসি চেয়ারম্যান
শিক্ষিত সমাজের দুর্নীতিই আমাদের দেশের প্রধান সমস্যা। শুধু আর্থিক দুর্নীতিকেই দুর্নীতি বলা যাবে না। যে শিক্ষকরা ক্লাস করান না, এটাও তাদের দুর্নীতি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি ফর বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলেকুলার বায়োলজি কনফারেন্সে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান এসব কথা বলেন।
শনিবার সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের ব্যাবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে দ্য বাংলাদেশ সোসাইটি ফর বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলেকুলার বায়োলজি এবং চবি বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলেকুলার বায়োলজি বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত হয় এই কনফারেন্স।
অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক চবি উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, দ্য বাংলাদেশ সেন্টার ফর বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলেকুলার বায়োলজির (বিএসবিএমবি) চেয়ারময়ান ও স্বাধীনতা পদক প্রাপ্ত গবেষক ড. হাসিনা খান এবং সংগঠনটির সাধারণ সম্পাদক ড. হুসাইন উদ্দিন শেখর।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আব্দুল মান্নান বলেন, বাংলাদেশের নায়ক হচ্ছে কৃষকশ্রেণী। কারণ তারা দুর্নীতি করে না। দুর্নীতি তো করে শিক্ষিত সমাজ। স্বাধীনতা পরবর্তী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এক জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও এমন কথাই বলেছিলেন। তিনি বলেছিলেন দুর্নীতি করে পাঁচ শতাংশ শিক্ষিত সমাজ।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে জ্ঞান সৃষ্টি করা এবং জ্ঞান কিভাবে ধারণ করতে হবে তা শেখানো। শুধুমাত্র ক্লাস- পরীক্ষাতেই বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব শেষ নয়। সেমিনার- কনফারেন্সের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে হবে। বিশ্ববিদ্যালয়ের ইনপুট ও আউটপুট কী সেই বিষয়টা অনেক বেশি মূল্যবান। বিশ্ববিদ্যালয় জনগণের কাজে আসে কিনা সেটাই গুরুত্বপূর্ণ।
ইউজিসি চেয়ারম্যান বলেন, বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে বিশ্বে পঞ্চম। আমাদের তেল নেই, গ্যাস নেই, কিছুই নেই। কিন্তু আমাদের যা আছে তা অন্যদের নাই। আমাদের যুবশক্তি আছে। দেশে ৩৯ লক্ষ ছেলেমেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করে। জনশক্তিকে কাজে লাগাতে পারলে আমরা উন্নয়নের শিখরে পৌঁছাতে পারব।
তিনি আরও বলেন, আজকের মানুষের দক্ষতা দিয়ে এ শতাব্দীর শেষ নাগাদ প্রায় ৩০০ মিলিয়ন মানুষ বেকার হয়ে যাবে। যার ১০০ মিলিয়ন হবে চীনে। তাই আমাদের নতুন দক্ষতা অর্জন করতে হবে। প্রযুক্তির নতুন ব্যবহার শিখতে হবে। মানুষই প্রযুক্তি সৃষ্টি করেছে। তাই প্রযুক্তির উদ্ভাবক মানুষ অনেক বেশি গুরুত্বপূর্ণ।
বিশেষ অতিথির বক্তব্যে গবেষক ড. হাসিনা খান বলেন, জ্ঞানই শক্তি। আর আমরা যেহেতু জ্ঞান ধারণ করি সে অনুযায়ী আমরা শক্তিশালী। সমাজ বিজ্ঞান ও প্রযুক্তির উপর নির্ভরশীল। তাই আমাদের সেই শক্তি অর্জন করতে হবে যেন আমরা সমাজকে পরিবর্তন করতে পারি।
কনফারেন্সে সভাপতির বক্তব্যে চবি উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, “সক্রেটিস বলেছিলেন— নিজেকে জানো। আর সেটিই পৃথিবীর সকল ধর্ম ও ধর্মগ্রন্থের নির্যাস। তবে শিক্ষিত মানেই জ্ঞানী নয়।’’
এসময় বিশেষ অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, বাংলাদেশ বিজ্ঞানের ক্ষেত্রে অনেকাংশে সক্ষমতা অর্জন করেছে। তৃতীয় বিশ্বের দেশ বলেই আমাদের সফলতার, উদ্ভাবনের কাহিনীগুলো উন্নত বিশ্বে পৌঁছায় না।
এদিন কনফারেন্সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলেকুলার বায়োলজি বিভাগের শিক্ষক- শিক্ষার্থীসহ দেশ-বিদেশের বেশ কয়েকজন গবেষক অংশ গ্রহণ করেছেন।