'তোমাদের মধ্য থেকেই একদিন নোবেল বিজয়ী হবে'
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের আয়োজনে প্রথম বারের মত ‘সায়েন্স ফেস্টিভ্যাল-২০১৮’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিজ্ঞান প্রদর্শনী, আলোচনা অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী এ অনুষ্ঠান শেষ হয়েছে।
সকালে বেলুন উড়িয়ে এ উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। পরে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরিকৃত বিজ্ঞান বিষয়ক প্রোজেক্টগুলো ঘুরে দেখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ অন্যান্যরা।
দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা সায়েন্স ক্লাবের আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহন করে। এর মধ্যে ছিল সায়েন্স অলিম্পিয়াড, পোস্টার প্রেজেন্টেশন, রুবিক্স কিউব প্রতিযোগিতা, আইডিয়া কন্টেস্ট প্রতিযোগিতা প্রভৃতি। দিনব্যাপী এ আয়োজনে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের প্রায় এক হাজারেরও বেশী শিক্ষার্থী অংশগ্রহন করে।
বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মাঠে আলোচনা অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে। আলোচনা অনুষ্ঠানে শাখাওয়াত শাওন ও তাসমীমের উপস্থাপনায় এবং সংগঠনটির সভাপতি ওবায়দুল হক অবির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. আবু তাহের, বিজ্ঞান অনুষদের ডিন ড. এ. কে. এম. রায়হান উদ্দিন, প্রকৌশল অনুুষদের ডিন ড. সজল চন্দ্র মজুমদার প্রমুখ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমানু শক্তি কমিশন প্লাজমা ফিজিক্স বিভাগের প্রধান ও বিশিষ্ট বিজ্ঞনী ড. মোঃ খাইরুল ইসলাম। এছাড়াও সায়েন্স ক্লাবের মডারেটর ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক জিল্লুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও প্রতিযোগিতা অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন,“আজ কুমিল্লা বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব ক্ষুদে বিজ্ঞানীদের খুঁজে বের করেছে। তোমরা যারা আজ এখানে বিজয়ী হয়েছ তারা একদিন দেশ সেরা বিজ্ঞানী হবে। একদিন বিভিন্ন দেশে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেখানেও জয় লাভ করবে। এক সময় তোমরাই নোবেল বিজয়ী হবে। তোমাদের মধ্যে সেই সম্ভাবনাই দেখা যাচ্ছে।” তিনি শিক্ষার্থীদের বিজ্ঞান এবং দেশ নিয়ে আরও ভাবতে অনুপ্রাণিত করেন।
অনুষ্ঠানের শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও অংশগ্রহনকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন অতিথিগণ। এর আগে সায়েন্স ক্লাবের প্রথম প্রকাশনা ‘বিজ্ঞান কথন’ এর মোড়ক উন্মোচন করেন অতিথিরা। অনুষ্ঠানটির সহযোগিতায় ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় গণিত ক্লাব, ফার্মেসি সোসাইটি, পরিসংখ্যান সোসাইটি, কেমিক্যাল সোসাইটি ও নেসক্যাফে।
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব বিজ্ঞানকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য প্রথম থেকেই কাজ করে যাচ্ছে। তারা বিভিন্ন সময়ে বিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন আয়োজন করে থাকে। এমনকি বিভিন্ন স্কুল-কলেজে গিয়ে বিজ্ঞানের মজার মজার বিষয়গুলোর শিক্ষার্থীদের শেখানোর চেষ্টা করে৷ তারই ধারাবাহিকতায় এই আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।