০২ মার্চ ২০২০, ০৯:৪৬

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অভিন্ন টিউশন ফি দাবি

সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অভিন্ন টিউশন ফি ও অভিন্ন গ্রেডিং পদ্ধতি চালু করার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। রোববার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংগঠনটির বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদ আয়োজিত সমাবেশ থেকে দেশের আর্থ-সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে এ দাবি জানানো হয়।

বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি তামজীদ হায়দারের সভাপতিত্বে ও সহসহভাপতি শাওন বিশ্বাসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অনিক রায়, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক হিমাদ্রী শেখর নন্দী, সাংগঠনিক সম্পাদক রেশমি সাবা, সদস্য মুক্ত রেজওয়ান প্রমুখ।

তারা বলেন, উচ্চশিক্ষায় সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পর্যাপ্ত আসন না থাকায় শিক্ষার্থীরা বাধ্য হয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দ্বারস্থ হয়। উচ্চশিক্ষার এ সংকটকে কাজে লাগিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে লাগামহীন টিউশন ফি আদায় করে চলছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষাকে বাজারের সবজির মতো পণ্য বানিয়ে ফেলেছে।

তারা আর বলেন, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেডিং পদ্ধতি প্রচলিত থাকায় চাকরির ক্ষেত্রে শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হচ্ছে। কারণ কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের এ/এ+ তুলতে হচ্ছে ৯৪ নম্বর পেয়ে, কোনো বিশ্ববিদ্যালয়ে ৮০ নম্বর পেয়ে।

ফলে কেউ ভালো নম্বর পেয়েও ভালো সিজিপিএ পাচ্ছে না। আবার কেউ অপেক্ষাকৃত কম নম্বর পেয়েও ভালো সিজিপিএ পাচ্ছে। ভালো নম্বর পেয়েও কম সিজিপিএ থাকায় অনেক শিক্ষার্থী চাকরির জন্য আবেদন করতে পারছে না।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সহ-সাধারণ সম্পাদক নীলাঞ্জন সিদ্ধান্ত প্রান্ত, কোষাধ্যক্ষ ওয়ালিদ হাসান লাবু, দপ্তর সম্পাদক জয়তী চক্রবর্তী, সদস্য সাকিব হাসান প্রমুখ।