আইআইইউসিতে নেতাকর্মীদের সমাবেশ করতে ছাত্রলীগের নির্দেশ
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে আগামীকাল শনিবার (৮ ফেব্রুয়ারী) ছাত্র সমাবেশ করতে নির্দেশ দিয়েছে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ওই শাখার সভাপতি জাহিদ হোসেন পারভেজ ও আজিজুল হাকিম সম্রাট স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি আইআইইউসি ছাত্রলীগের নেতাকর্মীদের এ নির্দেশনা দেয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ জানুয়ারি আইআইইউসিতে অবস্থিত ছাত্রলীগের অফিস ভাঙচুর, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ভাঙচুরসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রত্যক্ষ মদদে জামায়াত-শিবিরকে প্রতিষ্ঠিত করার হীন প্রচেষ্টা প্রত্যাখান করে তীব্র নিন্দা জানায়। সেই সাথে এ ঘটনায় করা ছাত্রলীগের কর্মী নামে করা মামলা প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় প্রশাসনের বহিষ্কারের পায়তারাসহ সকল হয়রানি বন্ধ করা, বিশ্ববিদ্যালয় প্রশাসনের দুর্নীতি বন্ধের দাবিতে আগামী শনিবার (৮ ফেব্রুয়ারী) ক্যাম্পাসে সাধারণ ছাত্রদের নিয়ে আইআইইউসি ছাত্রলীগকে ছাত্র সমাবেশ করার নির্দেশ প্রদান করা হল। একই সঙ্গে চট্টগ্রামে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সকল নেতাকর্মীদের সার্বিক সহযোগিতার কথাও বলা হয় ওই প্রেস বিজ্ঞপ্তিতে।
জানা যায়, গত ২৭ জানুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের উসমান (রা.) হলের আদনান নামে এক ছাত্রকে শিবির সন্দেহে মারধর করেন ছাত্রলীগ পরিচয়ধারী কয়েক ছাত্র। পরে শিক্ষকেরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। এ ঘটনার জেরে ২৯ জানুয়ারি ক্যাম্পাসে ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান করে। পরে অদ্ভুদ পরিস্থিতিতে জরুরি সিন্ডিকেট সভা ডেকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ছাত্রদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।
এ ঘটনায় ভুক্তভোগী ছাত্র আদনান বাদি হয়ে গত ৬ ফেব্রুয়ারি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২, চট্টগ্রাম ফৌজদারী অভিযোগ এনে মামলা করেন। মামলার আসামী ১০ জন। তারা সবাই ক্যাম্পাসে ছাত্রলীগের ‘কথিত’ নেতা দাবি করে।