দ্বিতীয় অধিবেশন শুরু, বিকেলেই ঘোষণা আ’লীগের নতুন কমিটি
আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এ অধিবেশনে সম্মেলনে সারা দেশ থেকে আওয়ামী লীগের সাড়ে সাত হাজার কাউন্সিলর অংশ নিয়েছেন। সেখান থেকেই বিকেলে ঘোষণা হবে আগামী তিন বছরের জন্য দলটির নতুন নেতৃত্ব।
আজ শনিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় ২১তম সম্মেলনের ২য় অধিবেশন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল থেকেই, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জড়ো হন দলের কাউন্সিলররা। ঐতিহ্যবাহী দলটির নতুন নেতৃত্ব নির্বাচন করবেন তারা।
প্রধানমন্ত্রী বলেন, ‘সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে, সাথে আস্থা অর্জন করতে হবে দেশের মানুষের।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এসেও জনপ্রিয়তা ধরে রাখতে সক্ষম হয়েছে।’ এসময় জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে দলের নেতাকর্মীদের চলার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনের সূচনা বক্তব্যে এ আহবান জানান তিনি।
দলটির শীর্ষস্থানীয় নেতা এবং কাউন্সিলররা জানিয়েছেন, সভাপতি পদে এবারো বহাল থাকছেন বর্তমান সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সাধারণ সম্পাদক পদে কে বসছেন তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। এমনকি দলটির বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজেও জানেন না কে হতে যাচ্ছেন দলটির সাধারণ সম্পাদক। সাধারণ সম্পাদকসহ ৮১ সদস্যের কেন্দ্রীয় কমিটির বাকি ৮০ পদের মধ্যে কার কী অবস্থান হবে, সেটা পুরোপুরিই দলীয় সভাপতির ওপর নির্ভর করছে।
এবারের কেন্দ্রীয় কমিটিতে বেশ কয়েকজন নারীনেত্রীর অন্তর্ভুক্তির সম্ভাবনা আছে বলে আওয়ামী লীগের নির্ভরযোগ্য একটি সূত্র থেকে জানা গেছে। এর মধ্যে সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে।
এ ছাড়া সৈয়দ আশরাফুল ইসলামের বোন সৈয়দা জাকিয়া নূর, সংরক্ষিত আসনের সাবেক সাংসদ ফজিলাতুন্নেছা ও মহিলা শ্রমিক লীগের সাবেক সভাপতি রওশন জাহান কেন্দ্রীয় কমিটিতে আসতে পারেন। নির্বাহী সদস্য থেকে পদোন্নতি পেতে পারেন সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেয়ে সাংসদ সিমিন হোসেন।
প্রসঙ্গত ২০১৬ সালে ২০তম সম্মেলনের তিন-চার দিন আগেই প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের জায়গায় ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক হিসেবে দেখার কথা জানিয়েছিলেন শেখ হাসিনা।