০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৯

জামায়াতের আরেক প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

জামায়াতের প্রার্থী মুহাম্মদ আব্দুস সাত্তার  © টিডিসি ফটো

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামালপুর-৫ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহাম্মদ আব্দুস সাত্তারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাঁর পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা ও শোডাউনের প্রমাণ পাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি দুপুর ১২টায় তাঁকে সশরীরে উপস্থিত হয়ে এই ঘটনার লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নির্বাচনি অনুসন্ধান কমিটির নোটিশে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে যে প্রার্থীর পক্ষে বড় আকারের মোটরসাইকেল মহড়া দিয়ে ভোট চাওয়া হচ্ছে। এটি 'সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫'-এর ৯ (ক) ধারার স্পষ্ট লঙ্ঘন। কেন তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এই নোটিশটি দ্রুত জারি করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, একই ধরনের অভিযোগে লক্ষ্মীপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. রেজাউল করিমকে কঠোরভাবে সতর্ক করেছে নির্বাচন কমিশন। নির্ধারিত সময়ের আগে প্রচারণা চালানো এবং ভোটারকে নগদ অর্থসহ ঘর দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার প্রমাণ পাওয়ায় তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। গত ৯ জানুয়ারি লক্ষ্মীপুরের একাডেমি রোড এলাকায় এক বৃদ্ধাকে অর্থ সহায়তা ও ঘর দেওয়ার আশ্বাস দিয়ে ভোট চাওয়ার ঘটনায় বিএনপি প্রার্থীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল।

তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে নির্বাচন কমিশন সচিবালয় জানিয়েছে, ড. রেজাউলের এই কর্মকাণ্ড নির্বাচনি আচরণবিধির ৪(১) ও ১৮ বিধির পরিপন্থী। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে তাঁকে কড়া বার্তা দেওয়া হয়েছে।