০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩১

ময়মনসিংহ-৬ আসন: মিথ্যাচারের বিরুদ্ধে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

ফুলবাড়ীয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে দাঁড়িপাল্লার প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন  © টিডিসি

ময়মনসিংহ-৬ ফুলবাড়ীয়া আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১১-দলীয় জোট সমর্থিত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলনের (দাঁড়িপাল্লা) বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগের পরিপ্রেক্ষিতে জরুরি সংবাদ সম্মেলন করা হয়েছে। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে ফুলবাড়ীয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে দাঁড়িপাল্লার প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেন, ‘একজন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা প্রতিনিয়ত এবং অব্যাহতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তারই ধারাবাহিকতায় শুক্রনার ঘটনায় উদ্দেশ্যমূলকভাবে আমার নাম জড়ানো হয়েছে। উক্ত ঘটনার সাথে আমার পরিবার বা আমার দলের কোন সম্পৃক্ততা নেই। ওই ঘটনার সঙ্গে আমার পরিবার ও দলের নাম জড়িয়ে মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

তিনি বলেন, ‘ব্যক্তিগত ও অবৈধ ব্যবসায়িক সম্পর্কের কারণে উক্ত ঘটনা সংগঠিত হয়েছে বলে আমরা জেনেছি। জামায়াত মনোনীত প্রার্থীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল অপপ্রচার ও নির্বাচনী পরিবেশ নষ্ট করার পাঁয়তারা করছে। শুক্রবারের ঘটনায় যে ব্যক্তি জড়িত বলে আমরা জেনেছি, তার সঙ্গে আমার পারিবারিক যে সম্পর্কের পরিচয় দেওয়া হয়েছে, তা সত্য নয়। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে পারিবারিক জমি-সংক্রান্ত বিরোধ ও মামলা আছে। তার জের হিসেবে বেশ কয়েকবার মামলা ও হামলার মত ঘটনা ঘটেছিল এবং ভিক্টিম হাসপাতালে ভর্তি ছিল। আমি ওই ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট জোড় দাবি জানাচ্ছি।’

কামরুল হাসান মিলন বলেন, ‘ইতোপূর্বে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা ধুরধুরিয়া বাজারে আমার কর্মীর ওপর হামলা এবং ৬ নম্বর ফুলবাড়ীয়া ইউনিয়নের আন্ধারিয়া পাড়ার মিলন বাজারে দাঁড়িপাল্লার নির্বাচনী অফিসের সামনে ঘোড়া প্রতীকের সমর্থকেরা মব সৃষ্টি করা, ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলা এবং নির্বাচনী প্রচার গাড়িতে হামলার মত ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে প্রতিটি ঘটনা প্রশাসনকে অবহিত করেছি এবং সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তার মাধ্যমে কর্মীদের শান্ত থাকতে বলেছি। গতকালের ঘটনা তাদের সন্ত্রাসী কার্যক্রমকে আড়াল করার অপচেষ্টা মাত্র। জনগন এখন দাঁড়িপাল্লার পক্ষে ঐক্যবদ্ধ। আমরা চাই একটি সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হউক। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, তাদের পরিকল্পিত অপপ্রয়াস জনগন ১২ তারিখ ব্যালটের মাধ্যমে জবাব দেবে ইনশাআল্লাহ।’

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী ও ১১-দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।