‘কোথাও বিজয়ী না হলেও বরগুনা-১ আসনে হাতপাখার জয় হবে’
বাংলাদেশের কোথাও যদি হাতপাখা প্রতীকের কোনো প্রার্থী বিজয়ী না-ও হন, তবে আল্লাহর রহমতে বরগুনা-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীই বিজয়ী হবেন—এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বরগুনা জেলার আমতলী পৌরসভা চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার আয়োজনে এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, বাংলাদেশের কোথাও যদি হাতপাখা প্রতীকের প্রার্থী বিজয়ী নাও হয়, আল্লাহর রহমতে বরগুনা-১ আসনে হাতপাখার বিজয় নিশ্চিত হবে।
তিনি দাবি করেন, বিভিন্ন প্রার্থীর সঙ্গে গোপন আলোচনায় তারা জানিয়েছেন—বরগুনা-১ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন।
এসময় তিনি আগামী ১২ ফেব্রুয়ারি বরিশাল বিভাগের মধ্যে বরগুনা-১ আসন থেকেই হাতপাখা প্রতীকের বিজয়ের সূচনা হবে বলে মন্তব্য করেন।
তিনি পিতার বক্তব্য স্মরণ করে বলেন, দক্ষিণাঞ্চলের সাগরের পাড় থেকেই ইসলামের বিজয় পতাকা উড়বে—আজ সেই কথার বাস্তবতা সামনে এসেছে।
সংসদে যেতে পারলে সোনার বাংলা, সবুজ বাংলা ও ডিজিটাল বাংলার পাশাপাশি দেশের ১৮ কোটি মানুষের মুখে হাসি ফোটানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যদি মো. অলি উল্লাহকে বিজয়ী করেন, তবে বরগুনা-১ আসনকে একটি আদর্শ ও মডেল আসনে রূপান্তর করা হবে।
তিনি ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয়সহ সকলের জানমাল রক্ষায় ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের ভূমিকার কথাও উল্লেখ করেন।
সভায় বরগুনা-১ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা সভাপতি মাওলানা মো. মাহমুদুল হাসান ওয়ালিউল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক কেএম শরিয়তুল্লাহ, বরগুনা-২ আসনের প্রার্থী মুফতি মিজানুর রহমান কাশেমী, জেলা সেক্রেটারি মাওলানা আব্দুস শাকুর, কুয়াকাটা হুজুর মুফতি হাবিবুর রহমান মেজবাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভা শেষে আনুষ্ঠানিকভাবে বরগুনা-১ ও বরগুনা-২ আসনের প্রার্থীদের হাতে দলীয় প্রতীক হাতপাখা তুলে দেওয়া হয়।