জাল সনদধারীদের ধরতে সব শিক্ষকের নিবন্ধন সনদ যাচাইয়ের উদ্যোগ
জাল নিবন্ধন সনদধারীদের ধরতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত সব শিক্ষকের শিক্ষক নিবন্ধন সনদ যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের তথ্য পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
গত ৭ জানুয়ারি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সদস্য মুহম্মাদ নূরে আলম সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় পরবর্তী সাত কার্যদিবসের মধ্যে নির্ধারিত ছকে তথ্য পাঠাতে বলা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ‘সম্প্রতি বিভিন্ন প্রচার মাধ্যমে এনটিআরসিএর জাল সনদের খবর এ কর্তৃপক্ষের গোচরীভূত হয়েছে। সে প্রেক্ষিতে জাল নিবন্ধন সনদ শনাক্তকরণের লক্ষ্যে প্রতিষ্ঠানে এমপিওভুক্ত পদে কর্মরত নিবন্ধনধারী শিক্ষকদের নিবন্ধন সনদসমূহ যাচাই করা প্রয়োজন।’
এনটিআরসিএ জানিয়েছে, ‘আপনার প্রতিষ্ঠানে কর্মরত (ক) প্রতিষ্ঠান প্রধান ও সহ: প্রধানসহ এমপিওভুক্ত সকল শিক্ষকদের তথ্য (সংযুক্ত ছক-ও মোতাবেক); (খ) এমপিওভুক্ত শূন্য পদের তথ্য (সংযুক্ত ছক-চ মোতাবেক) (গ) প্রতিষ্ঠানের নভেম্বর ২০২৫ এর এমপিও শীট এবং (ঘ) এমপিও পদে কর্মরত নিবন্ধনধারী সকল শিক্ষকদের নিবন্ধন সনদসমূহের রঙিণ/স্পষ্ট ফটোকপি সত্যায়িত করে প্রতিষ্ঠানের সভাপতি এবং প্রতিষ্ঠান প্রধান কর্তৃক স্বাক্ষরিত অগ্রায়ণপত্রসহ নিম্নোক্ত ঠিকানায় ডাকযোগে/কুরিয়ার/বাহকের মাধ্যমে পত্র প্রাপ্তির ০৭ (সাত) কার্যদিবসের মধ্যে বিনা ব্যর্থতায় প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।’
নির্দেশনায় আরও বলা হয়, ‘চাহিত তথ্যাদি ও কাগজপত্রাদি প্রেরণে কোন ধরণের ব্যত্যয় (তথ্য গোপন করা/সনদপত্র টেম্পারিং করা/তথ্য প্রদানে বিরত থাকা ইত্যাদি) হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বিষয়টি সংশ্লিষ্ট অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করা হবে।’