২৪ আগস্ট ২০২০, ২১:৫৭

বাংলাদেশ-ভারত সম্পর্ক কেবল বন্ধুত্বপূর্ণ নয়, আরো গভীর

সালমান ফজলুর রহমান  © ফাইল ফটো

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান বলেছেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কেবল ভাতৃপ্রতীম বা বন্ধুত্বপূর্ণই নয়, এটি আরো গভীর একটি সম্পর্ক। আজ সোমবার ভারতীয় হাইকমিশনের আয়োজনে বাংলাদেশে কর্মরত ভারতীয় শীর্ষ নির্বাহীদের সঙ্গে এক আলাপচারিতায় তিনি এ মন্তব্য করেন।

সালমান ফজলুর রহমান বলেন, যদি দুই দেশের মধ্যে যোগাযোগ ঘটে, তখন অর্থনৈতিক কর্মকাণ্ডও বৃদ্ধি পায়। এটি দুই দেশের মধ্যে প্রতিযোগিতার সম্পর্ক নয়, বরং একে অপরের সহযোগী হওয়ার বিষয়। আর ভারতের ক্ষেত্রে এই কথা আরও বেশি প্রযোজ্য, কেননা দুই দেশের মধ্যে এক ঐতিহাসিক সম্পর্ক বিদ্যমান।

তিনি বলেন, লভ্যাংশ ভারতের মূল কম্পানিতে পাঠানোর ক্ষেত্রে জটিলতা দেখা দিয়েছে বলে একটি অভিযোগ পাওয়া যায়। এই ধরণের বিচ্ছিন্ন কিছু ঘটনা হয়তো আছে। তবে বাংলাদেশের যতটুকু উদারীকরণ এই পর্যায়ে দরকার, ততটুকু আমরা করে ফেলেছি।

পড়ুন: বাংলাদেশের বিজয় মানে ভারতের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী

তিনি আরো বলেন, যেহেতু দুই দেশের মুদ্রা বিনিময়যোগ্য (কনভার্টিবল) নয়, সেহেতু কিছু জটিলতা থাকবেই। আগে আমাদের এত বড় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল না, যার কারণে সমস্যা হতো। তবে প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর, আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ অনেক বেড়েছে। বিদেশি ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখন ঝামেলাহীনভাবে তাদের ডিভিডেন্ড দেশে পাঠাতে পারে।

বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস অনুষ্ঠানটির সঞ্চালনা করেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বাংলাদেশে কর্মরত ভারতীয় প্রতিষ্ঠানগুলোর এক ডজনেরও বেশি শীর্ষ নির্বাহী অনুষ্ঠানে অংশ নেন।

পড়ুন: ঢাকা-দিল্লির সম্পর্ক সর্বোচ্চ অগ্রাধিকারের: ভারত