দেশে ডায়াবেটিসে ভুগছে ২৫ লাখ শিশু, বাড়ছে উদ্বেগজনক হারে
বাংলাদেশে বর্তমানে ১ কোটি ৩০ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। যাদের মধ্যে ২৫ লাখ শিশু। কিন্তু অধিকাংশ রোগীরাই জানেন না তারা ডায়েবেটিসে আক্রান্ত। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির তথ্যমতে, প্রতি ২ জনে ১ জন জানেন না তাদের ডায়াবেটিস আছে।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব ডা. দেওয়ান সাইফুদ্দিন আহমেদ বলেন, জন্মের সময় যে বাচ্চার ওজন আড়াই কেজির কম থাকে সাধারণত তার ডায়াবেটিস হয়। এজন্য মায়েদের খাবারে পুষ্টিকর খাদ্য রাখা দরকার। ডায়াবেটিস ৭৫ শতাংশ ক্ষেত্রে প্রতিরোধ করা যায়।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির তথ্যমতে, গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত নারীদের ও গর্ভস্থ শিশুদের টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। তা ছাড়া, গর্ভকালীন ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণ না করা হয় তবে তাদের পরবর্তী সময়ে টাইপ-২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি আরও বেশি। এ অবস্থায় পরিকল্পিত গর্ভধারণ ও গর্ভকালীন ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখলে টাইপ-২ ডায়াবেটিস অনেকাংশেই প্রতিরোধ করা সম্ভব।
বিশেষজ্ঞদের মতে, গত এক দশকে শিশুদের ডায়াবেটিসের হার উদ্বেগজনক বাড়ছে। তাদের মতে, যেসব শিশুর ওজন বেশি, অতিমাত্রায় শরীরে মেদ, কায়িক পরিশ্রম কম; তাদের এ রোগ বেশি হয়। এছাড়া অতিরিক্ত নগরায়ণ, জীবনযাপন ও খাদ্যাভ্যাসে পরিবর্তন, প্রাত্যহিক পরিশ্রমের অভাব এবং অতিমাত্রায় মোবাইল ফোনে আসক্তির কারণে শিশুদের মধ্যে ডায়াবেটিসের হার বেড়েছে।
এদিকে দেশে শিশুদের টাইপ-১ ডায়াবেটিসের প্রকোপ অনেক কম। তবে বড়দের মধ্যে দেখা যাওয়া টাইপ-২ ডায়াবেটিসে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। টাইপ-১ ডায়াবেটিস জন্ম ও পরিবেশগত বিভিন্ন কারণে হয়ে থাকে। টাইপ-২ ডায়াবেটিসের কারণে রক্তে শর্করার আধিক্যে ভুগে হৃদরোগ, কিডনি জটিলতা, অন্ধত্ব বা পা হারানোর মতো জটিলতার আশঙ্কাও তৈরি হচ্ছে।
আরও পড়ুন: এসএসসি পাসে বিমান বাহিনীতে চাকরি, থাকছে উচ্চশিক্ষার সুযোগ।
ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের তথ্যমতে, বর্তমানে বিশ্বে প্রতি ১০ জনে ১ জন ডায়াবেটিসে আক্রান্ত। বিশ্বব্যাপী ৫৩ কোটি ডায়াবেটিসে আক্রান্ত মানুষের মধ্যে ৯ কোটি দক্ষিণ এশিয়ার।
সংস্থাটি আরও বলছে, এখনই প্রতিরোধ করা না গেলে ২০৩০ সালের মধ্যে এই রোগে আক্রান্তের সংখ্যা ৫৮ কোটিতে পৌঁছাবে। এমনকি ২০৪৫ সাল নাগাদ ৭০ কোটিতে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।
আজ ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্চে দিনটি। দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন’।
আজ সোমবার নানা আয়োজনের মধ্য দিয়ে দেশে পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস। নিয়মতান্ত্রিক জীবনযাপনের পাশাপাশি সবার জন্য সেবা নিশ্চিত করতে পারলে এটি অনেকটা কমিয়ে আনা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।