মেডিকেল শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
মেডিকেল শিক্ষার মানোন্নয়নে সরকার গুরুত্ব দেবে বলে জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, চিকিৎসকরা ঠিকমতো সেবা দিচ্ছেন কিনা, সেটার সরেজমিন তদারকি করা হবে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালগুলোতে আমরা সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে চাই। প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, যে বার্তা দিয়েছেন, সে অনুযায়ী কাজ করব।
তিনি বলেন, দায়িত্বরত চিকিৎসকরা ঠিকমতো সেবা দিচ্ছে কিনা, সেজন্য আমরা তাৎক্ষণিকভাবে যাব, দেখবো। সকলকে জবাবদিহি করতে হবে। আমাদের কার্যক্রম দ্বারা যেন জনসাধারণ উপকৃত হয় তা নিশ্চিত করতে হবে। আমরা কোনো সিন্ডিকেটকে সুবিধা দিব না।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, দলমত নির্বিশেষে সবাইকে সমানভাবে সেবা দিতে হবে।
স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, আমাদের বিভিন্ন বিভাগ ও প্রতিষ্ঠানে প্রচুর শূন্যপদ আছে। ফলে মানুষ প্রয়োজনীয় সেবা বঞ্চিত হচ্ছে। শূণ্য পদ পূরণে ব্যবস্থা নেয়া দরকার। এছাড়া আমাদের মেডিকেল শিক্ষার মান উন্নয়নেও গুরুত্ব দেয়া দরকার।
সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অধীনস্থ দপ্তর/ সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।