ট্রেইনি চিকিৎসকদের ভাতা প্রতি মাসে প্রদানের নির্দেশ
এফসিপিএস পার্ট-১ এবং এমডি/এমএস (ফেজ-১) পরীক্ষায় উত্তীর্ণ সব বেসরকারি প্রশিক্ষণার্থী চিকিৎসকদের প্রতি মাসে ভাতা প্রদানের নির্দেশ দিয়েছে সরকার।
মঙ্গলবার (৯ জুন) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের বাজেট-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।
উপসচিব আলাউদ্দিন আলী স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকদের উপস্থিতিতে ৮ জুন ইন্টার্ন চিকিৎসক ও পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকদের প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
যৌথ বিবৃতির প্রথম সিদ্ধান্ত অনুযায়ী, এফসিপিএস পার্ট-১ এবং এমডি/এমএস (ফেজ-১) পরীক্ষায় উত্তীর্ণ হলে সব বেসরকারি প্রশিক্ষণার্থী ভাতার আওতায় আসবেন। পাশাপাশি এ ভাতা প্রতি মাসে নিয়মিত পরিশোধ করা হবে।
চিঠিতে আরও বলা হয়, মতবিনিময় সভার সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
এ নির্দেশনার অনুলিপি অর্থ বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সংশ্লিষ্ট অতিরিক্ত সচিব ও যুগ্মসচিবসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের সচিবকেও চিঠির অনুলিপি দেওয়া হয়েছে।