০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৮

প্রবাসীদের পোস্টাল ব্যালট ভোট সম্পর্কে জানতে আগ্রহী সার্কভুক্ত ৪ দেশ

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম  © সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ ও গণভোট নির্বাচনে প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেছে সার্কভুক্ত চার দেশ- পাকিস্তান, নেপাল, ভারত ও শ্রীলংকা। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এ সময় তিনি বলেন, বাংলাদেশ কীভাবে এটা ইমপ্লিমেন্ট করছে, কীভাবে সাকসেসফুল হচ্ছে, কোনো ধরনের কোন ইস্যু তৈরি হচ্ছে কি না এ ব্যাপারে তারা জানতে চাচ্ছেন।

তিনি জানান, প্রবাসী বাংলাদেশীদের পোস্টাল ব্যালটে ভোটগ্রহণের জন্য ১২৪টি দেশে ব্যালট পাঠানো হয়েছিল। পোস্টাল ভোটের আওতায় নিবন্ধনকৃতদের মধ্যে মোট ৪ লাখ ২২ হাজার ৯৬০ জন প্রবাসী ভোটারের ব্যালট এরইমধ্যে বাংলাদেশে পৌঁছেছে। ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২ লাখ ৭ হাজার ৩৮টি ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন। প্রবাসী ভোটারদের মধ্যে পুরুষ ভোটারের হার ৯৪ শতাংশ। নারী ভোটার মাত্র ৬ শতাংশ।

শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, আগামী এক সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ সময়। ভোট উৎসবমুখর হবে, সেখানে নারীরা আনন্দের সঙ্গে ভোট দেবেন। মানুষ পুরো পরিবার নিয়ে একসঙ্গে ভোট উৎসবে যোগ দেবে। আমি আশা করি, এই ভোট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

আরও পড়ুন: যে কারণে বিএনপিতে যোগদান, বললেন ভিপি জিতু

প্রেস সচিব আরও বলেন, পুলিশকে বডি ওর্ন ক্যামেরা দেওয়া হয়েছে। সারা দেশে প্রায় ৪৩ হাজার ভোট কেন্দ্র, তার মধ্যে ২৫ হাজার ৭শ বডি ওর্ন ক্যামেরা দেওয়া হচ্ছে। এই বডি ক্যামেরা কীভাবে কাজ করছে, আজকের মিটিংয়ে প্রথমেই রেন্ডমলি পাঁচটা জায়গায় প্রধান উপদেষ্টা যারা বডি ক্যামেরা বহন করছিলেন তাদের সঙ্গে কথা বলেছেন।
 
শফিকুল আলম বলেন, নির্বাচন সুরক্ষা অ্যাপও এখন পুরোপুরি চালু হয়েছে। এই নির্বাচনে সুরক্ষা অ্যাপটা শুধু তারাই ব্যবহার করবেন, যারা নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও সিকিউরিটি অফিসার হিসেবে থাকবেন। কোনো নির্বাচন কেন্দ্রে বা নির্বাচন কেন্দ্রের বাইরে যদি গণ্ডগোল-গোলযোগ হয়, কোনো সংঘর্ষ হয়, সেক্ষেত্রে নির্বাচন সুরক্ষা অ্যাপের মাধ্যমে খুব দ্রুত বিভিন্ন সিকিউরিটি ফোর্সের কাছে বার্তা চলে যাবে। রিটার্নিং অফিসারের কাছে বার্তা চলে যাবে। সেন্ট্রালি নির্বাচন কমিশনের কাছে বার্তা চলে যাবে। এর ফলে নির্বাচনের কাজে নিয়োজিত ফোর্স তারা খুব দ্রুত ইন্টারভেন করতে পারবেন। খুব দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবে। এটা হচ্ছে নির্বাচন সুরক্ষা অ্যাপের কাজ।

তিনি বলেন, এবারে নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। ১২৪টি দেশে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছিল। এ পর্যন্ত দেশের বাইরে থেকে ৪ লাখ ২২ হাজার ৯৬০টি ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে। বিদেশি পর্যবেক্ষক প্রায় ৪০০ জন এবং দেশীয় পর্যবেক্ষক ৫০ হাজার থাকবেন।