নির্বাচনী প্রচারণায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একাধিক কর্মকর্তা, ব্যবস্থা নিতে অনুরোধ
পাবনা-৩ আসনে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের অভিযোগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একাধিক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। অভিযোগে বলা হয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ছয়জন সরকারি কর্মকর্তা গত ২৩ জানুয়ারি পাবনা জেলার চাটমোহর উপজেলার কাটাখালি বাজারে প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনের পক্ষে নির্বাচনী জনসংযোগ ও লিফলেট বিতরণে অংশ নেন।
সরকারি কর্মকর্তাদের এ ধরনের কার্যক্রম “জাতীয় সংসদ নির্বাচন অধ্যাদেশ ২০২৬”-এর সুস্পষ্ট লঙ্ঘন। নির্বাচনকালীন সময়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক প্রচারণায় অংশগ্রহণ আইনত নিষিদ্ধ থাকলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা সরাসরি প্রচারণায় যুক্ত হন এতে উল্লেখ করা হয়েছে।
অভিযুক্ত কর্মকর্তারা হলেন— মো. নূরে আলম সিদ্দিকী, পরিচালক (ভারপ্রাপ্ত) ও উপপরিচালক, হর্টিকালচার উইং; মো. মুরাদুল হাসান, উপপরিচালক (প্রশাসন), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর; বনি আমিন খান, অতিরিক্ত উপপরিচালক (আমদানি), উদ্ভিদ সংগনিরোধ উইং; সাব্বির আহমেদ, অতিরিক্ত উপপরিচালক (রুলস, পলিসি ও পরীক্ষাগার); মো. মাজেদুর রহমান, অতিরিক্ত উপপরিচালক (বালাইনাশক মান নিয়ন্ত্রণ); এবং মো. আব্দুল মমিন, উপজেলা কৃষি অফিসার, ঈশ্বরদী, পাবনা।
এ বিষয়ে পাবনা জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. শাহেদ মোস্তফা অভিযোগটি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গত ১ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব বরাবর প্রেরণ করেছেন।
একই সঙ্গে অভিযোগের অনুলিপি কৃষি মন্ত্রণালয়ের সচিব, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরেও পাঠানো হয়েছে। অভিযোগকারী পক্ষ দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।