১৫ মার্চ ২০২৬, ১৯:৪৯

হচ্ছে না ফিনালিসিমা

হচ্ছে না ফিনালিসিমা  © সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের জেরে ফিনালিসিমার ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নেয় উয়েফা ও কনমেবল। তবে নতুন ভেন্যু নিয়ে সন্তুষ্ট ছিল না বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শুরুতে ধারণা করা হচ্ছিল, ইউরোপ ও কোপা আমেরিকার চ্যাম্পিয়নদের এই লড়াইটি স্পেনের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনাও বাস্তবে রূপ নিচ্ছে না।

উয়েফা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ২০২৬ সালের ফিনালিসিমা বাতিল করা হয়েছে। ইউরো ২০২৪ চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকা ২০২৪ জয়ী আর্জেন্টিনার ম্যাচটি আগামী ২৭ মার্চ কাতারে আয়োজনের কথা ছিল। কিন্তু অঞ্চলটির রাজনৈতিক পরিস্থিতি এবং নতুন তারিখ নির্ধারণে দুই পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক বিবৃতিতে উয়েফা জানিয়েছে, কাতারে আয়োজনের পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তারা কাতারের আয়োজক কমিটি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদও জানিয়েছে। একই সঙ্গে আশা প্রকাশ করেছে, শিগগিরই ওই অঞ্চলে শান্তি ফিরবে।

গেল সপ্তাহে জানা গিয়েছিল, স্পেনে আয়োজিত হতে পারে ম্যাচটি। সম্ভাব্য ভেন্যু হিসেবে এগিয়ে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম। কিন্তু এই খবরে জল ঢেলে দেয় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তারা জানায়, ভেন্যু নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। 

একইসঙ্গে স্পেনে খেলতে আপত্তিও জানায় আর্জেন্টাইনরা। এএফএ যুক্তি, স্প্যানিশদের মাঠে ফিনালিসিমা হলে তা স্বাভাবিকভাবেই ‘লা রোজো’দের জন্য বাড়তি সুবিধা তৈরি করবে।

এদিকে নতুন একটি আলোচনাও সামনে এসেছিল। আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলো দাবি করেছিল, একটির বদলে দুই লেগে আয়োজন করা হতে পারে ম্যাচটি। কিন্তু কোনো প্রস্তাবই আর্জেন্টিনা গ্রহণ করেনি বলে জানিয়েছে উয়েফা।

উল্লেখ্য, ফিনালিসিমার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২০২২ সালে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইতালিকে ৩–০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল আলবিসেলেস্তেরা।