ল্যাপটপ পেল ১৩২৫ শিক্ষার্থী
দেশের ১ হাজার ৩২৫ প্রশিক্ষাণার্থীর হাতে একটি করে ল্যাপটপ তুলে দিয়েছে তথ্যপ্রযুক্তি বিভাগ।বিভাগের লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্প ও সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন প্রকল্পের আওতায় এই ল্যাপটপ তুলে দেওয়া হয়।
রবিবার দেশের ৬৫০টি ব্যাচের প্রতি ব্যাচে দুই প্রশিক্ষণার্থী এবং আটটি বিভাগের ২৫ জন সেরা প্রশিক্ষণার্থীকে রোববার ল্যাপটপগুলো তুলে দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। এছাড়াও অনুষ্ঠানে দেশের ১ হাজার ২০০ শিক্ষা প্রতিষ্ঠানের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে কম্পিউটার দেওয়ার কার্যক্রমও শুরু হয়েছে। রোববার আইসিটি টাওয়ারে বিসিসি মিলনায়তনে ‘একটি ল্যাপটপ একটি স্বপ্ন’ স্লোগানে এগুলো প্রশিক্ষণার্থীদের কাছে তুলে দেন তিনি।
এসময় তিনি তার বক্তব্যে বলেন, আগামী দুই বছরের মধ্যে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটি ল্যাব স্থাপন ও মাল্টিমিডিয়া ক্লাসরুম করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, আগামী বছরের মধ্যে চার হাজার ৫০০ ইউনিয়নকে ব্রডব্যান্ড ইন্টারনেটের আওতায় আনা হবে। এতে করে শিক্ষার্থীরা ল্যাপটপগুলো দিয়ে বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরতে পারবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, তথ্যপ্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক একেএম খায়রুল আলম, লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পের প্রকল্প পরিচালক সৈয়দা সালমা জাফরীন ও সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. শাহাদাৎ হোসেন।