প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে ইট, পাথর, বালু!
বিদ্যালয়ের মাঠে চলছে সড়ক নির্মাণ উপকরণ তৈরির কাজ। বিটুমিন গলানো ধোঁয়া, মেশিনের শব্দ ও ধূলিকণায় বিঘ্নিত হচ্ছে শিক্ষার পরিবেশ। সমস্যার সৃষ্টি হওয়ায় অভিভাবক ও এলাকাবাসী প্রতিবাদ জানালে উল্টো তাদের বিরুদ্ধেই থানায় দেয়া হয়েছে অভিযোগ।বৃহস্পতিবার নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডী ইউনিয়নের কিশামত বীরচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিশামত বদি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, গাড়াগ্রাম ডিসির মোড় থেকে কৈমারী যাওয়া সড়কের শালমারা ব্রিজ হতে বদি পর্যন্ত সড়কের নিমার্ণ কাজ চলছে। নিমার্ণ কাজে ব্যবহৃত নানা উপকরণ, পরিত্যক্ত পুরাতন স্যান্ডেল, বাইসাইকেলের টায়ার, বালু, পাথর ও বিটুমিনের ড্রাম ওই স্কুলের মাঠে স্তূপ করে রাখা হয়। এতে শিক্ষার্থীদের খেলাধুলা, চলাচল ও পাঠদান ব্যাহত হওয়ায় তাদের অভিভাবক ও এলাকার সচেতন ব্যক্তিরা এর প্রতিবাদ জানালে কাজ বন্ধ রাখা হয়। পরে ঠিকাদারে নিযুক্ত ব্যক্তি, কেয়ারটেকার আ. মজিদ ওই এলাকার ৬ জনের বিরুদ্ধে সড়কের নির্মাণ কাজে বাধা প্রদানে থানায় অভিযোগ দেন। পরে বিকালে ফের কাজ চালু করায় শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকার সচেতন মহলে উদ্বেগের সৃষ্টি হয়।
নীলফামারীর শাহ আনোয়ার নামে এক ঠিকাদার সড়ক পাকাকরণের কাজটি করছে। কার্পেটিংয়ের জন্য ওই বিদ্যালয়ের মাঠে মিক্সচার প্লান মেশিন বসিয়ে মসলা তৈরি করায় শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে। এর প্রতিবাদে বৃহস্পতিবার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।
এ ব্যাপারে কিশামত বদি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনন্ত রায় জানান, এলাকার উন্নয়নের স্বার্থে অল্প সময়ের জন্য মাঠ ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে। কিশামত বীরচরণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনীল চন্দ্র রায় জানান, একই মাঠে দুই বিদ্যালয়। যেহেতু ওনারা অনুমতি দিয়েছে আমার না বলার সুযোগ ছিল না। শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়টি জেনেছি। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরিফা আক্তার জানান, বিষয়টি অবগত হয়েছি, ব্যবস্থা নেয়া হচ্ছে।