৩০ মার্চ ২০১৯, ২০:৪৮

স্কুল ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, আটক ২

  © সংগৃহীত

অপহরণের ৯ দিন পর কিশোরগঞ্জের বাজিতপুরের মাইজচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী ইকবাল হোসেনের মেয়ে তারমিন আক্তারকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে ২ জনকে আটক করেছে র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সদস্যরা। আটককৃতরা হলো বাজিতপুর উপজেলার মাইজচর গ্রামের কাজল মিয়ার ছেলে মো. মাইন উদ্দিন ও তার পিতা কাজল মিয়া।

শনিবার বেলা ১১টার দিকে ভৈরব র‌্যাব-১৪ ক্যাম্পে সংবাদ সম্মেলনে বলেন, মাইজ চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী তারমিন আক্তারকে একই এলাকার কাজল মিয়ার ছেলে মো. মইন উদ্দিন উত্যক্ত করত। এ বিষয়টি মইন উদ্দিনের পরিবারকে অবহিত করলে সে আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। গত ২১ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারমিন আক্তারের বসত বাড়ি থেকে বাবা-মার অজান্তে সিএনজি যোগে অপহরণ করে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া নিয়ে যায়। তারমিনের বাবা কাজল মিয়াকে জানালে মেয়েকে ফেরত দেওয়ার আশ্বাস প্রদান করে বিলম্ব করতে থাকে। এদিকে তারমিনের বাবা মেয়েকে খোঁজাখুঁজি করে না পাওয়ায় কিশোরগঞ্জের বাজিতপুর থানায় গত ২৭ মার্চ একটি মামলা দায়ের করেন।

পরে তারমিনের বাবা কুলিয়ারচর উসমানপুরের আনিস মেম্বারের সহযোগিতায় অভিযুক্ত মইন উদ্দিনের আত্মীয়ের বাসা থেকে তারমিনকে উদ্ধার করে। উদ্ধারের পর বাজিতপুর থানা পুলিশ তাকে ডাক্তারি পরীক্ষার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। পাশাপাশি বিচারিক আদালতে ২২ ধারায় মেয়েটির জবানবন্দি রেকর্ড করেন।

এরই প্রেক্ষিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রাফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও সিনিয়র এডি চন্দন দেবনাথের নেতৃত্বে শনিবার রাত আনুমানিক আড়াইটার দিকে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার নাজিরদিঘী জনৈক সিরাজ মিয়ার বসত বাড়ি হতে অভিযুক্ত মইন উদ্দিন ও তার পিতা কাজল মিয়াকে আটক করে।