এবার তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা
গত কয়েক দিন ধরেই একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে দেশজুড়ে। এবার প্রাইভেট পড়তে গিয়ে ধর্ষণের শিকার হলেন তৃতীয় শ্রেণির এক স্কুল ছাত্রী। ধর্ষণের পর পানিতে ফেলে হত্যা করা হয়েছে ওই ছাত্রীকে। রোববার রাতে সাতক্ষীরার আশাশুনি উপজেলার গাবতলা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ধর্ষককে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত ধর্ষকের নাম জয়দেব সরকার। আশাশুনি উপজেলার গাবতলা গ্রামের নির্মল সরকারের ছেলে ও বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলের একাদশ শ্রেণির ছাত্র।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, তৃতীয় শ্রেণির ওই ছাত্রীকে প্রাইভেট পড়াতো অভিযুক্ত জয়দেবের বোন। গতকাল প্রাইভেট পড়তে গেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে কৌশলে মেয়েটির ওপর নির্যাতন চালায় জয়দেব। একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললে মারা গেছে ভেবে তাকে বাড়ির পুকুরে ফেলে দেয়। পরে গ্রামবাসী ওই ছাত্রীকে খুঁজতে থাকার একপর্যায়ে জাল ফেলে পুকুর থেকে লাশ তুলে নিজের বাথরুমে ফেলে রাখে। রাত ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। গ্রেফতার করে জয়দেব সরকারকে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, গ্রেফতারকৃত জয়দেব সরকার ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে। এখন আদালতের মাধ্যমে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেয়া হবে।