ব্রাজিল শিবিরে স্বস্তি; চোট কাটিয়ে অনুশীলনে ফিরছেন নেইমার

০৯ জুন ২০২৬, ০৮:৫২ AM , আপডেট: ০৯ জুন ২০২৬, ০৮:৫৭ AM
নেইমার জুনিয়র

নেইমার জুনিয়র © সংগৃহীত

বিশ্বকাপ শুরুর আগে ব্রাজিল শিবিরে স্বস্তির খবর এনে দিয়েছেন নেইমার। চোট থেকে তার সেরে ওঠার প্রক্রিয়া প্রত্যাশামতো এগোচ্ছে বলে জানিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। নতুন এমআরআই স্ক্যানেও ইতিবাচক ফল এসেছে। ফলে দলের সঙ্গে দ্রুত অনুশীলনে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে এই তারকা ফরোয়ার্ডের।

মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আর মাত্র কয়েক দিন বাকি। এমন সময় নেইমারের শারীরিক অবস্থা নিয়ে সবার নজর ছিল। সোমবার তাকে নতুন করে পরীক্ষা করানো হয়। পরীক্ষার ফলাফল ব্রাজিল দলের কোচিং স্টাফ ও মেডিকেল টিমকে আশ্বস্ত করেছে।

সিবিএফ জানিয়েছে, সান্তোসের এই ফরোয়ার্ডের পায়ের মাংসপেশির চোটের অবস্থার ‘ভালো উন্নতি’ হয়েছে এবং তার পুনর্বাসন পরিকল্পনা প্রত্যাশিত গতিতেই এগোচ্ছে।

এক বিবৃতিতে সিবিএফ জানায়, ‘মেডিকেল কমিশনের পরিকল্পিত আরোগ্যলাভ ও শারীরিক প্রস্তুতি প্রক্রিয়া তিনি চালিয়ে যাবেন।’

ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি শুরু থেকেই জানতেন, নেইমার শতভাগ ফিট অবস্থায় বিশ্বকাপ দলে যোগ দিতে পারবেন না। তবু তার অভিজ্ঞতা ও গুরুত্ব বিবেচনায় নিয়ে তাকে চূড়ান্ত দলে রাখেন ইতালিয়ান এই কোচ। তার বিশ্বাস ছিল, বিশ্বকাপ শুরুর আগেই নেইমার সুস্থ হয়ে উঠতে পারবেন।

বর্তমানে গ্রেড-২ কাফ স্ট্রেইনের কারণে আলাদা পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন নেইমার। প্রথমে তিনি জিমে কাজ করেন, পরে মাঠে হালকা অনুশীলন শুরু করেন। গত সপ্তাহে মিশরের বিপক্ষে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে তিনি খেলতে পারেননি। এমনকি দলের সঙ্গে ক্লিভল্যান্ডেও যাননি।

দলের সঙ্গে অবস্থান করলেও পুরো সময় তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন। ব্রাজিল দলের চিকিৎসক ফেলিপে কালিল, ফিজিক্যাল কো-অর্ডিনেটর ক্রিস্টিয়ানো নুনেস এবং ফিজিওথেরাপিস্ট রাফায়েল মার্টিনির নিবিড় পর্যবেক্ষণে তার পুনর্বাসন চলছে। আধুনিক প্রযুক্তিনির্ভর বিশেষ যন্ত্র ব্যবহার করেও তার চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিশ্বকাপের শুরুতেই নেইমারকে মাঠে ফেরাতে চায় ব্রাজিল। সে কারণেই গত কয়েক দিনে তার চোটের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে এবং অতিরিক্ত পরীক্ষাও করানো হয়েছে।

কোচিং স্টাফ এখন তার পুনর্বাসন প্রক্রিয়া নিয়মিত পর্যবেক্ষণ করছে। তারা আশা করছে, খুব শিগগিরই নেইমার দলীয় অনুশীলনে যোগ দেবেন। তবে বল নিয়ে পূর্ণাঙ্গ অনুশীলনের অনুমতি পেতে তার আরও কিছুটা সময় লাগতে পারে।

যদি মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে খেলা সম্ভব না হয়, তাহলে গ্রুপ ‘সি’-তে হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচকে লক্ষ্য হিসেবে সামনে রাখা হবে। আগামী ১৯ জুন অনুষ্ঠিত হবে সেই ম্যাচ।

সংবাদ সম্মেলনে আনচেলোত্তি বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে সে এই সপ্তাহেই দলের সঙ্গে অনুশীলনে ফিরবে।’

তবে মরক্কোর বিপক্ষে মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে নেইমার খেলতে পারবেন কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত নন ব্রাজিল কোচ।

নেইমারের চোটই একমাত্র দুশ্চিন্তা নয় ব্রাজিল শিবিরে। গত শনিবার মিশরের বিপক্ষে ম্যাচে আরেকটি ধাক্কা খেয়েছে দলটি। ম্যাচটিতে চোট পান ফুল-ব্যাক ওয়েসলি। পরীক্ষায় তার বাম উরুর অ্যাডাক্টর মাংসপেশিতে গুরুতর সমস্যা ধরা পড়ে।

ফলে রোমার এই ডিফেন্ডারকে বিশ্বকাপ দল থেকে বাদ দিতে বাধ্য হয়েছেন আনচেলোত্তি। তবে নেইমারের শারীরিক অবস্থার উন্নতি ব্রাজিলের জন্য বড় স্বস্তির খবর। বিশ্বকাপের আগে দলের সবচেয়ে বড় তারকাকে দ্রুত মাঠে ফেরানোর আশাই এখন সেলেসাও শিবিরের প্রধান লক্ষ্য। 

সংবাদসূত্রঃ টিওয়াইসি স্পোর্টস 

বিশ্বকাপ ইতিহাসের সেরা ১০টি আইকনিক জার্সি
  • ০৯ জুন ২০২৬
বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ডাচ তারকা ডিফেন্ডার
  • ০৯ জুন ২০২৬
বাংলাদেশ–অস্ট্রেলিয়া ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ০৯ জুন ২০২৬
ব্রাজিল শিবিরে স্বস্তি; চোট কাটিয়ে অনুশীলনে ফিরছেন নেইমার
  • ০৯ জুন ২০২৬
আইসল্যান্ড ম্যাচের জন্য আর্জেন্টিনার শুরুর একাদশ চূড়ান্ত, থ…
  • ০৯ জুন ২০২৬
তিনটি বিদেশি পিস্তলসহ যুবক আটক, পরিচয় নিয়ে বিএনপি-জামায়াতের…
  • ০৯ জুন ২০২৬