০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০১

অধ্যক্ষের কক্ষে তালা ঝোলালেন শিক্ষকরা

কলেজ অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দিচ্ছেন শিক্ষকরা  © টিডিসি ফটো

চাকরির মেয়াদ শেষ হওয়ার পর মেয়াদ বাড়ানোয় পাবনার চাটমোহর মহিলা কলেজে অধ্যক্ষের কক্ষে তালা ঝুলালেন সংক্ষুব্ধ শিক্ষকরা। 

মঙ্গলবার দুপুরে চাটমোহর মহিলা কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সনজুর কক্ষে তালা ঝোলানো হয়। পাশাপাশি অধ্যক্ষের বিরুদ্ধে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর চাকুরীর মেয়াদ বৃদ্ধি রহিতকরণে আবেদন দাখিল করা হয়েছে। 

তবে, শরীফ মাহমুদ সরকার সনজু দাবি করে বলেন, তার চাকুরির মেয়াদকাল বাড়ানো হয়েছে। তিনি আইনগত ব্যবস্থা নেবেন। 

ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানে এমন ঘটনায় অভিভাবক, শিক্ষার্থী থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ সন্তানদের পড়ালেখা ব্যাহত হওয়ার শঙ্কায় পড়েছেন। শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ ফেরাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

জানা গেছে, ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত চাটমোহর মহিলা কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সন্জুর চাকুরির মেয়াদ গত বছরের ৩১ জানুয়ারি শেষ হয়। কিন্তু মেয়াদ থাকা অবস্থায় এডহক কমিটির সদস্যদের কাছে চাকরির মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করেন অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সনজু। পরে সেই আবেদনের প্রেক্ষিতে এডহক কমিটি সুপারিশ মোতাবেক জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শরীফ মাহমুদ সরকার সনজুর ৩ মাস চাকুরির মেয়াদ বৃদ্ধি করেন।

মঙ্গলবার মেয়াদকাল বাড়ানোর একটি চিঠি সাংবাদদিকদের হাতে আসে। সেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক নাজিম উদ্দিন আহমেদ সাক্ষরিত এক চিঠিতে দেখা যায়, আগামী ৩০ এপ্রিল-২০২৬ পর্যন্ত অধ্যক্ষ শরীফ মাহমুদ সনজু সরকারকে তিন মাসের জন্য মেয়াদকাল বৃদ্ধি করে নতুন অধ্যক্ষ নিয়োগ করে অবহিত করার জন্য বলা হয়েছে।

তবে শিক্ষকদের অভিযোগ, অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সনজু শিক্ষক এবং স্টেকহোল্ডারদের সাথে কোনরুপ আলোচনা ছাড়া অত্যন্ত গোপনে এই কাজটি করেছেন। বেশিরভাগ শিক্ষকই শরীফ মাহমুদ সরকার সনজুকে আর অধ্যক্ষ হিসেবে চান না। সেই সাথে সিনিয়র কোনো শিক্ষকের কাছে দায়িত্ব হস্তান্তরের দাবি জানান তারা। শুধু তাই নয়, এই ঘটনার রেশ ধরে মঙ্গলবার কলেজের অধ্যক্ষের অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে সংক্ষুব্ধ ২৮ জন শিক্ষক। 

তারা অভিযোগ করে জানান, বর্তমানে ১৫/১৭ জন শিক্ষক অধ্যক্ষ হবার যোগ্য থাকলেও শরীফ মাহমুদ সরকার চরম অনিয়ম, স্বেচ্ছাচারিতার মাধ্যমে পদ আঁকড়ে থাকার অপচেষ্টা করছেন। তারা এ ব্যাপারে কঠোর কর্মসূচী দেবেন বলেও জানান। এমতাবস্থায় কলেজের শিক্ষার মান এবং চলমান নির্বাচনী ও প্রথম সাময়িক পরীক্ষা হুমকির মুখে পড়বে বলে আশাংকা করা হচ্ছে।

এ ব্যাপারে মেয়াদ শেষ হয়ে যাওয়া এডহক কমিটির সদস্য ডা. আব্দুল মজিদ জানান, আমরা ৬ মাস বর্ধিত করার জন্য সুপারিশ করেছিলাম। পরে জানলাম শরীফ মাহমুদ সরকারের অধ্যক্ষ পদটি ৩ মাসের জন্য বর্ধিত করা হয়েছে। 

এ বিষয়ে অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সন্জু জানান, 'অধ্যক্ষ পদের মেয়াদ তিন মাস বাড়ানো হয়েছে। অনেকে না বুঝে এখন অভিযোগ করছেন। আমার কক্ষে তালা দিয়েছে। যেহেতু তারা (শিক্ষক) তালা দিয়েছে সেক্ষেত্রে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেব।'

এ ব্যাপারে চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী জানান, অধ্যক্ষের ৯০ দিন বর্ধিত করে সংশ্লিষ্ট দপ্তরের একটি চিঠি পেয়েছি।